২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

একই জায়গায় বারবার দুর্ঘটনা পরিত্রাণ পেতে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক॥
যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর মোড়। জায়গাটিতে বারবার ঘটছে দুর্ঘটনা। গত তিন মাসে বেশ কয়েকটি ছোট-বড় দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে সাতজন নিহত ও আহত হয়েছেন চারজন। বারবার একই স্থানে দুর্ঘটনা ঘটায় ‘অলৌকিক’ কিছুর হাত রয়েছে বলে ধারণা এলাকাবাসীর। এমন ভাবনায় জায়গাটিতে দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে গ্রামবাসী। দুর্ঘটনাপ্রবণ স্থান কীর্তিপুর মোড়ে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আকবার হুসাইন। এসময় দলমত নির্বিশেষে কীর্তিপুর গ্রামের বিভিন্ন মসজিদের মুসল্লিসহ সাধারণ মানুষ অংশ নেন। গ্রামবাসীর পক্ষে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আরমান হোসেন কাকন। দোয়া অনুষ্ঠানে অংশ নেওয়া ও স্থানীয় বাসিন্দা ওষুধ ব্যবসায়ী নাহিদুজ্জামান পিয়াস বলেন, ‘গত তিন মাসে কীর্তিপুর মোড়ে অসংখ্য দুর্ঘটনা ঘটেছে। এতে সাতজন নিহত ও চারজন আহতের ঘটনা ঘটেছে। এলাকার মুরুব্বিরা বলেছেন, ঘটনাস্থলে ‘অলৌকিক’ কিছুর হাত রয়েছে। তাই একটা মিলাদ মাহফিল দিলে বারবার এ দুর্ঘটনা কাটতে পারে। তাই পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আরমান হোসেন কাকনের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে চারশোর বেশি লোক অংশ নেন।’ স্থানীয়রা জানান, শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে যশোর-বেনাপোল সড়কের কীর্তিপুর মোড়ে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে যশোর জেলা ছাত্রদলের সহ-ধর্মবিষয়ক সম্পাদক নাজমুস সাকিব ও তার বন্ধু ফাহিম বিশ্বাস নিহত হন। এর আগে পার্শ্ববর্তী ঝাউদিয়া গ্রামের নুরুল ইসলাম দুর্ঘটনার শিকার হন। আরও কয়েকটি দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়