১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

এবার পুতিনের শাস্তির দাবি করলেন নাভালনির স্ত্রী

প্রতিদিনের ডেস্ক
রাশিয়ার প্রধান বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির মৃত্যুতে সংশয় প্রকাশ করেছেন তার স্ত্রী ইউলিয়া নাভালনায়া। মৃত্যুর জন্য তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তার নেতৃত্বাধীন প্রশাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। ইউলিয়া বলেছেন, ‘আমি জানি না এটি (নাভালনির মৃত্যু সংবাদ) সত্যি কি না। আমরা পুতিন এবং তার নেতৃত্বাধীন প্রশাসনকে বিশ্বাস করতে পারি না। তারা সবসময় মিথ্যা বলে আসছে। তবে এটি যদি সত্যিই হয় তাহলে আমি চাই পুতিন ও তার সব অনুসারীকে এর দায় বহন করতে হবে।’ নাভালনির মৃত্যু সংবাদে সবকিছু ওলট-পালট করে দিয়েছে। জার্মানিতে দাভোস অব ডিফেন্স সম্মেলনে শুক্রবার নির্ধারিত আলোচানা স্থগিত রেখে নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়াকে মঞ্চে বক্তব্য দিতে আহ্বান জানানো হয়। বক্তব্যে নাভালনায়া বলেন, ‘এখানে আসার আগে দীর্ঘ সময় ধরে আমি ভেবেছি যে আমার কি এখানে আসা উচিত, না কি শিগগিরই মস্কোতে আমার ছেলে মেয়েদের কাছে ফিরে যাওয়া উচিত। কিন্তু তখন আমার মনে হলো, এই অবস্থায় অ্যালেক্সেই থাকলে কি করতেন। আমি নিশ্চিত, তিনি এই মঞ্চে উপস্থিত থাকতেন।’ যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনও এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন। কমলা বলেন, ‘অ্যালেক্সেই নাভালনির মৃত্যু সংবাদ যদি সত্য হয়, তাহলে এটি হবে পুতিনের নিষ্ঠুরতার আরও একটি উদাহরণ। যদি এটি সত্যিই ঘটে থাকে, তাহলে অবশ্যই রাশিয়া এর জন্য দায়ী থাকবে। এটা আমরা স্পষ্টভাবে বলছি।’ শুক্রবার তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এক বিবৃতিতে ইয়ামালো নেনত্স কারা কর্তৃপক্ষ জানায়, এই দিন সকালে কারাগারের ভেতর হাঁটার সময় হঠাৎ তিনি অসুস্থতা বোধ করেন এবং তার প্রায় সঙ্গে সঙ্গে সংজ্ঞা হারিয়ে ফেলেন। তাৎক্ষণিকভাবে তাকে কারা চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়া হয়; সেখানে কর্তব্যরত চিকিৎসক নাভালনিকে মৃত ঘোষণা করেন। তবে ঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে, বিবৃতিতে তা স্পষ্ট করেনি কারা কর্তৃপক্ষ। নাভালনির সমর্থকদের অভিযোগ, কারাগারে তাকে খুন করা হয়েছে নাভালনিকে এবং প্রশাসন সেটি আড়াল করতে মৃত্যু সংবাদ প্রচার করছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়