প্রতিদিনের ডেস্ক
ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়িকা পরীমনি। গত বছরের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত কাজ নিয়ে তুমুল ব্যস্ত সময় কাটাচ্ছেন। ছেলে রাজ্যকে নিয়েই শুটিংয়ে যাচ্ছেন, কাজ করছেন। এরইমধ্যে পরী শুটিং শেষ করেছেন তার ‘ডোডোর গল্প’ সিনেমার। সরকারি অনুদানের এ ছবিতে পরীমনির নায়ক সাইমন সাদিক। ভালোবাসা দিবস উপলক্ষে বঙ্গতে মুক্তি পেয়েছে পরীমনির নতুন ছবি ‘বুকিং’। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত এ ফিল্মে পরীর অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। এদিকে পরীমনি ওয়ালটন, হারলেনসহ বেশ কয়েকটি পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও যুক্ত হয়েছেন। তার হাতে রয়েছে কমপক্ষে হাফ ডজন ছবির প্রস্তাবও। ঠিক এ পর্যায়ে এসে নিজেকে খানিক সময় দিতে একটি ঝটিকা সফরে তিনি গিয়েছেন গাজীপুরের একটি রিসোর্টে।
সেখানেই পুত্রসহ গত দু’দিন ধরে থেকেছেন পরী। ছেলের সঙ্গে রিসোর্টের উন্মুক্ত পরিবেশে মনের মতো সময় কাটিয়েছেন। সেখানকার ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। পরীমনি বলেন, টানা অনেকদিন কাজ করেছি। তার আগে আমি ও রাজ্য দু’জনই অসুস্থও ছিলাম। সবমিলিয়ে বেশ ঝক্কি-ঝামেলায় কেটেছে সময়। আর সেটা কাটাতে নিজেদের সময় দিতে রাজ্যকে নিয়ে রিসোর্টে এসেছি। খুব ভালো লেগেছে গাজীপুরের এ ভাওয়াল রিসোর্ট। সুন্দর, মনোমুগ্ধকর অন্যরকম সময় কেটেছে। পরীমনি জানান, দ্রুতই তিনি শুরু করবেন নতুন ছবির কাজ। তবে সেটা কোন ছবি বলতে নারাজ তিনি। আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমেই জানানো হবে বিস্তারিত।

