উত্তম চক্রবর্তী, রাজগঞ্জ
যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের খালিয়া গ্রামে খাবারে চেতনাশক প্রয়োগে বাড়ির সকলকে অচেতন করে মঙ্গলবার রাতে সর্বোস্ব লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরচক্র। বাড়ির মালিক কৃষক আব্দুল গণি বলেন, মঙ্গলবার দুপুরে আমরা বাড়ির সবাই একসাথে খাওয়া দাওয়া সম্পন্ন করি। খাবার খাওয়ার পরে আমরা স্বাভাবিকভাবে এক থেকে দুই জন ঘুমিয়ে পড়ি। বিকাল বেলায় ঘুম থেকে উঠে পড়ি। আবার সন্ধ্যার পরে সবাই ঘুমিয়ে পড়ি। সকাল বেলায় ঘুম থেকে উঠে দেখি আমার ঘরের মধ্যে সব কিছু এলোমেলো। পরে চিৎকার করলে বাড়ির আশে পাশের লোকজন ছুটে আসে। ধারণা করছি খাবারে চেতনানাশক প্রয়োগ করাই আমরা সবাই ঘুমে অচেতন হয়ে পড়েছিলাম। সেই সুযোগে চোরেরা সর্বোস্ব লুটপাট করে নিয়ে গেছে। এর মধ্যে একটি নতুন ব্লু রংয়ের সুজুকি জিকসার এস এফ মোটরসাইকেল, দুইটি মোবাইল ফোন, একটি সোনার চেইন, একটি মাথার টিকলি, দুইটি হাতের রুলি, কানের দুল দুইটি, তিনটি আংটি, একজোড়া পায়ের নুপুরসহ আরো মালামাল চুরি করে নিয়ে গেছে। বাড়ির মালিক আরো বলেন, বাড়ির সামনের মেইন গেইটে তালা দেবার কারনে চোরেরা ছাঁদের ওপরের গেইট দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে। বাড়ির আশেপাশের লোকজন বলেন, এমন লুটপাটের ঘটনায় আমরা হতভম্ব। লুটপাটের ঘটনার বিষয়ে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক বানী ইসরাইলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি বিষয়টি শুনেছি, কিন্তু আমি যশোরে মিটিংয়ে আছি, আমি আমার সংগীয় ফোর্স পাঠিয়ে দিয়েছি বিষয়টি তারা দেখছেন। এবিষয়ে কথা হয় সংশ্লিষ্ঠ ইউপি সদস্য আবুল কাসেমের সাথে তিনি বলেন, আমি বিষয়টি শুনেছি এবং সেখানে যেয়ে সব কিছু দেখে আসছি। দ্রুত এই চক্রটি গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী করছি।

