৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

উত্তরায় ব্র্যাক হেলথকেয়ার সেন্টারের দ্বিতীয় শাখা উদ্বোধন

প্রতিদিনের ডেস্ক:
রাজধানীর উত্তরায় ব্র্যাক হেলথকেয়ার সেন্টারের দ্বিতীয় শাখার উদ্বোধন হয়েছে। বুধবার (৬ মার্চ) উত্তরার ৬ নম্বর সেক্টরে ১২ নম্বর সড়কের ১৫ নম্বর ভবনে দ্বিতীয় হেলথকেয়ার সেন্টারটি উদ্বোধন করেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্।এখানে একই ছাদের নিচে মিলছে ফ্যামিলি ফিজিশিয়ান, ফার্স্ট এইড কেয়ার, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, হেলথ অ্যান্ড ওয়েলনেস, নিউট্রিশন, ফিজিওথেরাপি, মেন্টালহেলথ কাউন্সেলিং, ডেন্টাল কেয়ার, ডায়াগনস্টিক সেন্টার এবং একটি আধুনিক মডেল ফার্মেসি। উদ্বোধনী অনুষ্ঠানে আসিফ সালেহ্ বলেন, আমরা ধরেই নেই জরুরি প্রয়োজনে ভালো চিকিৎসক, ভালো চিকিৎসাসেবা পাবো না। যদি পাই তাহলে সেটাকে আশীর্বাদ বলে মনে করি। আমরা এই পরিস্থিতির পরিবর্তন করতে চাই। ব্র্যাক হেলথ কেয়ারের মূলমন্ত্রই হচ্ছে রোগীকেন্দ্রিক চিকিৎসাসেবা। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা জানি যে, সব মানুষের কাছে আমরা যেতে পারবো না। তবে আশা করছি, ব্র্যাক যে মানের চিকিৎসাসেবা দিচ্ছে, সেটি দেখে অন্যরাও তাদের সেবার মান ভালো করবে। এর ফলে সার্বিকভাবে এই খাতে একটা ইতিবাচক পরিবর্তন আসবে। ব্র্যাক এন্টারপ্রাইজেসের ঊর্ধ্বতন পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান বলেন, এক বছরের পরিক্রমায় আমাদের লক্ষ্য ছিল রোগীদের ভালো মানের সেবা দেওয়া ও তাদের একটা ভালো অভিজ্ঞতা দেওয়া। আমরা মনে করি অনেকাংশে সে লক্ষ্য অর্জন করেছি। আমাদের কাজীপাড়া হেলথকেয়ার থেকে যারা স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন তাদের মধ্যে ৯০ শতাংশের বেশি মানুষ এই সেবা প্রদানের প্রক্রিয়াটাকে খুব পছন্দ করেছেন। উত্তরায় ব্র্যাক হেলথকেয়ার সেন্টারটি একটি আউটপেশেন্ট ক্লিনিক যেখানে পরিবারের প্রয়োজনীয় সব স্বাস্থ্যসেবা পাওয়া যাবে। সেন্টারটিতে এক্স-রে, ইসিজি ও আলট্রাসনোগ্রামসহ সব ধরনের প্যাথলজি পরীক্ষার সুবিধা রয়েছে। সেই সঙ্গে দ্রুততম সময়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার নির্ভুল ফলাফলের জন্য থাকছে উচ্চযোগ্যতাসম্পন্ন প্যাথলজিস্ট ও উন্নতমানের ল্যাবরেটরি।গত বছরের মার্চে ব্র্যাক হেলথকেয়ার সেন্টারের প্রথম শাখার উদ্বোধন হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়