২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

বিএনপি নেতা আতাউরের মুক্তিতে বাধা নেই

প্রতিদিনের ডেস্ক:
নয়াপল্টনে বিএনপির সমাবেশ ঘিরে সংঘর্ষ-সহিংসতার ঘটনায় রাজধানীর রমনা থানার নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালীর জামিন মঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে তার বিরুদ্ধে করা ৯টি মামলাতেই তিনি জামিন পেয়েছেন। ফলে তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।বৃহস্পতিবার (৭ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন শুনানি শেষে ঢালীর জামিন মঞ্জুর করেন। গতকাল বুধবার (৬ মার্চ) একই আদালতে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও পুলিশ হত্যাসহ পাঁচটি মামলায় জামিন পান আতাউর রহমান ঢালী। ওই পাঁচ মামলার মধ্যে রমনা থানার তিনটি ও পল্টন থানার দুটি মামলা রয়েছে। আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ বলেন, গত বছরের ২৮ অক্টোবরের ঘটনায় আতাউর রহমান ঢালীর বিরুদ্ধে মোট ৯টি মামলা হয়। আজ এক মামলায় জামিন মঞ্জুর করেন আদালত। এর আগে বুধবার পাঁচ মামলায় জামিন পেয়েছেন তিনি। এর আগে নিম্ন আদালত থেকে দুটি ও উচ্চ আদালত থেকে একটি মামলায় জামিন পেয়েছেন। সব মামলায় জামিন হওয়ায় তার মুক্তিতে বাধা নেই। আশা করছি শুক্রবার তিনি কারামুক্ত হবেন।গত বছরের ২১ নভেম্বর দুপুর ২টার দিকে রাজধানীর মোহাম্মদপুর থেকে আতাউর রহমান ঢালীকে গ্রেফতার করা হয়। ২৬ নভেম্বর তার সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অন্যদিকে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন ঢালীর আইনজীবীরা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত জামিন নামঞ্জুর করে আসামিকে তিনদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়