নিপা সরকার
আজ ১২ তারিখ। অগ্নিঝরা মার্চের ১২তম দিন। ১৯৭১ সালের এই দিনের ঘটনাপ্রবাহ লক্ষ করলে দেখা যায়, বাংলাদেশে পাকিস্তানি শাসন ব্যবস্থা বলে কিছুই ছিল না। ক্যান্টনমেন্ট ছাড়া বাংলাদেশের সমস্ত কিছু পরিচালিত হচ্ছিল বঙ্গবন্ধুর নির্দেশ মেনে। বঙ্গবন্ধুর আহ্বানে শেকল ছেঁড়ার অদম্য নেশায় দুরন্ত দুর্বার হয়ে ওঠে বীর বাঙালি। প্রতিবাদ, প্রতিরোধ, বিদ্রোহ, বিক্ষোভে সুপ্ত আগ্নেয়গিরি জেগে উঠেছিল। ছাত্র-জনতার সঙ্গে পেশাজীবীরাও রাজপথে নেমে আসেন, অংশগ্রহণ করেন আন্দোলনে। লাগাতার অসহযোগ আন্দোলনে পূর্ব বাংলায় থাকা পাকিস্তানি সামরিক জান্তা দমে যেতে থাকে। ১৯৭১ সালের ১২ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের অসহযোগ আন্দোলন সরকারি, আধা-সরকারি কর্মচারীদের কর্মস্থল বর্জন, শিক্ষাপ্রতিষ্ঠানে তালা, সরকারি ও বেসরকারি ভবন, ব্যবসাপ্রতিষ্ঠান, বাসগৃহ ও যানবাহনে কালো পতাকা ওড়ানো অব্যাহত থাকে। লাহোরে এক সংবাদ সম্মেলনে গণ-ঐক্য আন্দোলনের প্রধান এয়ার মার্শাল (অব.) আসগর খান বলেন, ভাগ্যের কী নির্মম পরিহাস, দোষ করা হল লাহোরে কিন্তু বুলেট বর্ষিত হল ঢাকায়। তিনি বলেন, পূর্বাঞ্চলের জনসাধারণ সমান অধিকার নিয়ে থাকতে চায়, পশ্চিমাঞ্চলের দাস হিসেবে নয়। পাকিস্তানকে রক্ষা করার জন্য একটি মাত্র পথ খোলা রয়েছে। আর তা হচ্ছে শেখ মুজিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর। লাহোরে ন্যাপের মহাসচিব সিআর আসলাম এক বিবৃতিতে বলেন, দেশের বর্তমান সংকটের জন্য একচেটিয়া পুঁজিপতি ও আমলারাই দায়ী। ভুট্টোও এ ব্যাপারে নিজের দায়িত্ব এড়াতে পারেন না। ভুট্টোর হুমকিপূর্ণ মনোভাব ও ক্ষমতার লিপ্সাই রাজনৈতিক সংকটকে আরও মারাত্মক করে তুলেছে। জাতীয় পরিষদ সদস্য মোহাম্মদ জহিরউদ্দিন পাকিস্তান সরকার প্রদত্ত খেতাব বর্জন করেন।

