প্রতিদিনের ডেস্ক:
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানের একটি অনন্য উদ্যোগ ‘মেসেজ টু কমিশনার’ (এমটুসি)। তিনি কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই রাজধানী ঢাকার নাগরিকদের দ্রুত ও স্মার্ট পুলিশি সেবা কার্যক্রমের অংশ হিসেবে এমটুসি সার্ভিস চালু করেন।
এর মাধ্যমে ডিএমপির যে কোনো নাগরিক পুলিশি সেবা সংক্রান্ত যে কোনো তথ্য, অভিযোগ, ইন্টেলিজেন্স, মতামত +৮৮০১৩২০ ২০২০২০ অথবা +৮৮০১৩২০ ১০১০১০ নম্বরে টেক্সট মেসেজ বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিতে পারেন। কমিশনার অফিসের সরাসরি তত্ত্বাবধানে একটি টিম প্রেরিত মেসেজটি পাওয়া মাত্রই কার্যকরী পদক্ষেপ গ্রহণের পর প্রেরককে ফিরতি মেসেজে অবহিত করেন।
সম্প্রতি ‘মেসেজ টু কমিশনার’ (এমটুসি)-তে জনৈক এক ব্যক্তি মেসেজ করেন, মিরপুর ১৩ নম্বরে এপেক্স গার্মেন্টসের দুই ইউনিটের মধ্যবর্তী লেনে দশদিন ধরে শতাধিক গ্যাস সিলিন্ডার রাখা হয়েছে। আশপাশে প্রচুর আবাসিক বাসা রয়েছে। যদি কোনোভাবে অগ্নিসংযোগ হয়, একটি ভয়ংকর পরিস্থিতির অবতারণা হবে। মেসেজের সঙ্গে গ্যাস সিলিন্ডার রেখে রাস্তার অর্ধেক বন্ধ করার ছবি সংযুক্ত করেন।
মেসেজটি এমটুসিতে গৃহীত হওয়ার পরপরই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য কাফরুল থানার ওসিকে ব্যবস্থা নিতে জানানো হয়। সঙ্গে সচেতন নাগরিক হিসেবে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানানো হয় মেসেজ পাঠানো ব্যক্তিকে।
পরদিন কাফরুল থানার ওসি মো. ফারুকুল আলমের নেতৃত্বে মিরপুর-১৩ এপেক্স গার্মেন্টসের দুই ইউনিটের মাঝখানে বাগানবাড়ি নামক রোডে অভিযান পরিচালনা করে রাস্তা দখল করে ৭০০ গ্যাস সিলিন্ডার রাখার ঘটনায় বিল্লাল হোসেন আকন্দ নামে একজনকে গ্রেফতার করা হয়। সরিয়ে ফেলা হয় সিলিন্ডারগুলো।
যথাযথ ব্যবস্থা গ্রহণের পর বিষয়টি ম্যাসেজ পাঠানো ব্যক্তিকে জানালে তিনি পুলিশ কমিশনারকে অসংখ্য ধন্যবাদ জানান অতি দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণের জন্য।
এরকমভাবে ঢাকা মহানগরবাসীর জানমালের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও যে কোনো সমস্যা সমাধানে টিম ডিএমপি দৃঢ় প্রতিজ্ঞ।

