২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

পিএসএল ২০২৪ : বাবরদের হারিয়ে টানা চতুর্থবার ফাইনালে মুলতান

প্রতিদিনের ডেস্ক
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) যেন অপ্রতিরোধ্য শক্তি মুলতান সুলতানস। টানা চতুর্থবার তারা নাম লেখালো টুর্নামেন্টের ফাইনালে। বৃহস্পতিবার করাচিতে কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহাম্মদ রিজওয়ানের মুলতান সুলতানস ও বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার জালমি। দুই বড় তারকার লড়াইয়ে হেরেছেন বাবর। বাবরের পেশোয়ার জালমিকে ৭ উইকেট আর ৯ বল হাতে রেখে হেসেখেলে হারিয়েছে রিজওয়ানের মুলতান। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে পেশোয়ার। যদিও তারা ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারেনি মোটেও। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৬ রানেই আটকে যায় পেশোয়ারের ইনিংস। চলতি পাকিস্তান সুপার লিগে দুরন্ত ফর্মে রয়েছেন বাবর আজম। প্রায় প্রতি ম্যাচেই রান করে চলেছেন তিনি। এরই মধ্যে ১০ ম্যাচে ৫০০ রানের গণ্ডি পার হয়েছেন। প্রথম কোয়ালিফায়ার ম্যাচেও দলের সর্বোচ্চ ইনিংসটি বাবরের। তবে ৪২ বলে ৫ বাউন্ডারিতে তার ৪৬ রানের ইনিংসে ঠিক টি-টোয়েন্টিসুলভ বলা যাবে না। বাবরের এই ইনিংস নিয়ে তাই সমালোচনাও হচ্ছে। বাবর ছাড়াও মোহাম্মদ হ্যারিস ১৪ বলে ২২, টম কোহলির-ক্যাডমোর ২৪ বলে ২৪, রভম্যান পাওয়েল ১১ বলে ১২, পল ওয়াল্টার ১১ বলে ১৪ ও লুক উড শেষদিকে ৭ বলে খেলেন অপরাজিত ১৪ রানের ইনিংস। মুলতানের ক্রিস জর্ডান ও উসামা মীর ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন ডেভিড উইলি, মোহাম্মদ আলি ও আব্বাস আফ্রিদি। পালটা ব্যাট করতে নেমে মুলতান সুলতানস ১৮.৩ ওভারে ৩ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায়। ওপেন করতে নেমে মুলতানের ইয়াসির খান দাপুট হাফসেঞ্চুরি করেন। তিনি ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৭ বলে ৫৪ রান করে মাঠ ছাড়েন। ২৮ বলে ৩৬ রান করেন উসমান খান। তিনি ৩টি চার মারেন। ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮ বলে ২২ রান করে অপরাজিত থাকেন ইফতিখার আহমেদ। একটি বাউন্ডারির সাহায্যে ২১ বলে ১৫ রানের ধীর ইনিংস খেলে সাজঘরে ফেরেন রিজওয়ান। ম্যাচসেরা হন উসামা মীর। হারলেও এখনই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হচ্ছে না বাবরদের। বরং তারা দ্বিতীয় এলিমিনেটরে মাঠে নামবে প্রথম এলিমিনেটরের জয়ী দলের বিরুদ্ধে। প্রথম এলিমিনেটরে খেলবে ইসলামাবাদ ইউনাইটেড ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়