২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

‘এক বছরে আমাকে সব ছাড়তে হয়েছে’

প্রতিদিনের ডেস্ক
আসছে ঈদে নিজের প্রথম সিনেমা নিয়ে হাজির হচ্ছেন ইভান সায়ার। সিনেমার নাম ‘পটু’। তাও আবার এ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন আহমেদ হুমায়ূন। এ ছবির জন্য অনেক কিছুই ছাড়তে হয়েছে ইভান সায়েরকে। ‘পটু’ নিয়ে ছিল তার এক বছরের যাত্রা। এ বিষয়ে ইভান সায়ার বলেন, গত বছরের রমজান থেকে এই বছরের রমজান, টানা এক বছরের যাত্রা! গত বছর রাজশাহী গিয়েছিলাম ‘পটু’ সিনেমার লোকেশন দেখা এবং চরিত্রের অডিশনের জন্য। আর এ বছর সেই রাজশাহীতেই ডাবিং শেষ করলাম। এই এক বছরে আমাকে সব ছাড়তে হয়েছে। রেডিও, টেলিভিশন উপস্থাপনা, স্টেজ শো, ছোট পর্দায় সব ধরনের কাজ।
এমনকি একটি ভালো চাকরিও। আরও অনেক পরীক্ষা জীবন আমার থেকে নিয়েছে। কিন্তু আমি মাটি কামড়ে সব বাদ দিয়ে ছবিটা করতে চেয়েছি। এ অভিনেতা আরও বলেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আমার মানানসই একটি লুক সেট করা। পরিচালক এবং প্রযোজনা সংস্থার চাওয়া ছিল কোনোভাবেই যেন যে ইভানকে আগে দেখা যেতো, তাকে না দেখা যায়। এমন একটি লুক যা চরিত্রের সঙ্গেও যায়। তারপর একের পর এক লুক সেট শুরু। সর্বশেষ একটি লুকে পরিচালকের সম্মতি হয়। সবটুকু দিয়ে চেষ্টা করেছি ‘পটু’র মূল চরিত্রটিকে ফুটিয়ে তুলতে। এবার ফলাফল দর্শকদের কাছ থেকে পাওয়ার অপেক্ষায় থাকবো। ইনশাআল্লাহ্‌ এই ঈদে, সিনেমা হলে বসে ‘পটু’ দেখে সবার মতামত জানতে চাই। তীর্থের কাকের মতো অপেক্ষায় আছি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়