প্রতিদিনের ডেস্ক
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সীমিত ওভারের ক্রিকেট সিরিজ শেষ। আগামী ২২ মার্চ থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দল ঘোষণা করেছে। টেস্ট দলে নতুন মুখ নাহিদ রানা। দ্রুত গতির এই পেসারের খুব বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা না থাকলেও টেস্ট স্কোয়াডে তাকে সুযোগ দিয়েছেন নির্বাচকরা। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন হাসান মুরাদ, নুরুল হাসান সোহান ও হাসান মাহমুদ। বাংলাদেশ দল সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছে গত নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে। ওই সিরিজে লিটন ছুটি নিয়েছিলেন। লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টে ফিরেছেন তিনি। তাছাড়া আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট স্কোয়াডে সুযোগ পাওয়া মুশফিক হাসানও ফিরেছেন এবার। যদিও টেস্ট অভিষেক তার হয়নি। অন্যদিকে, একেবারে প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন নাহিদ রানা। ঘরোয়া ক্রিকেটে গতির ঝড় তুলে এই ক্রিকেটার আলোড়ন তুলেছেন। বিপিএলের সর্বশেষ আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলতে নেমে ২৪ বলের মধ্যে ১৭ টা বলই ১৪০ প্লাস কিলোমিটার গতিতে করেছেন তিনি। সর্বোচ্চ তুলেছিলেন ১৪৮ কিলোমিটার! নাহিদের ১৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। ২৬ ইনিংস বোলিং করে তার উইকেট ৬৩টি। প্রথম টেস্টের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, , শাহাদাত হোসেন, লিটন দাস, মুশফিক হাসান ও নাহিদ রানা।

