রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের সদর উপজেলার চিত্রা নদীতে গোসল করতে নেমে রাজু শেখ (১২) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। বুধবার বিকাল পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ রাজু শেখ বরাশুলা গ্রামের সাইফুর রহমানের ছেলে ও স্থানীয় বরাশুলা প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। স্থানীয় সূত্রে জানা গেছে ,মঙ্গলবার আছরের নামাজের পর রাজু বাড়ি থেকে বের হয়ে বন্ধুদের সাথে ফুটবল খেলে। পরে সন্ধ্যার দিকে পার্শ্ববর্তী চিত্রা নদীতে সঙ্গীদের সাথে গোসল করতে নামে। সাতার না জানায় নদীর স্রোতে রাজু ভেসে যায়। এ সময় রাজুর সঙ্গী ও আশপাশ থেকে স্থানীয় লোকজন এসে নদীতে নেমে খোঁজখুজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে নড়াইল ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাতেই উদ্ধার অভিযান চালায়। এ ব্যাপারে নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা বলেন, খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। পরে ডুবুরি দল রাত ১০ টার দিকে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে তারা ২ঘন্টা উদ্ধার অভিযান পরিচালনা করেও তার সন্ধান পায়নি ।

