৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

ব্যবসায়ীকে পিটিয়ে টাকা লুটের অভিযোগ

উৎপল মণ্ডল, শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে ব্যবসায়ীকে পিটিয়ে নগদ টাকাসহ প্রায় সাড়ে তিন লাখ টাকা মুল্যের মাছের ফুলকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।গত ২১ মে (মঙ্গলবার)বিকালে সুন্দরবন তীরবর্তী নীলডুমুর খেয়াঘাটে ঘটনাটি ঘটে। আহত ব্যবসায়ী আব্দুল কাইয়ুমকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি খুলনার সোনাডাঙ্গা এলাকার নুরুল ইসলামের ছেলে।
ব্যবসায়িক বিরোধের জেরে শ্যামনগরের মাজাট গ্রামের আবু বক্কারসহ তার দুই ছেলে সাগর হোসেন ও আব্দুল জলিল ঐ হামলা চালায় বলে অভিযোগ। সুন্দরবন ও সাগর থেকে শিকারকৃত জাবাসহ নানান প্রজাতির মাছের মুল্যবান ফুলকা ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত তারা। আব্দুল কাইয়ুম জানান গত কয়েক বছর ধরে আবু বক্কারের মত তিনিও সুন্দরবনসহ সাগরে শিকারকৃত মাছের ব্যবসা করছেন। জেলেরা শিকারকৃত এসব মুল্যবান মাছ নিয়ে লোকালয়ে ফিরলে তারা ক্রয় করে চট্রগ্রামের রপ্তানীকারক প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেন। কাইয়ুমের অভিযোগ পুর্ব বিরোধের জেরে মঙ্গলবার বিকালে তিনি মাছ কিনে লোকালয়ে ফেরার পথে হামলার শিকার হন। এসময় তার কাছে থাকা নগদ প্রায় তিন লাখ ৯০ হাজার টাকাসহ প্রতি কেজি এক লাখ টাকা মুল্যের সাড়ে তিন কেজি ফুলকা(জাবা মাছের) ছিনিয়ে নেয়া হয়। এঘটনায় তিনি আবু বক্কারসহ তার দুই ছেলের বিরুদ্ধে শ্যামনগর থানায় অভিযোগ করবেন।আবু বক্কার জানান তার ক্রয়ককৃত মাছের ফুলকা বেশী দাম দিয়ে কিনে নেয় কাইয়ুম। এসময় দু’পক্ষের বাদানুবাদের জেরে হাতাহাতি হলেও টাকা বা মাছের ফুলকা ছিনিয়ে নেয়ার অভিযোগ মিথ্যা। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ বলেন এমন ঘটনায় এখনও পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে স্থানীয় একটি পক্ষ মধ্যস্থতার চেষ্টা করছে বলে তিনি জানতে পেরেছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়