প্রতিদিনের ডেস্ক:
কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ে সেমিফাইনালে খেলা মরক্কো এবার প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে ফুটবল পরাশক্তি ব্রাজিলের। বিশ্বমঞ্চের সেই দুর্দান্ত ফর্ম ধরে রেখে সেলেসাওদের বিপক্ষে মাঠে নামার আগে মরোক্কান শিবিরে বইছে আত্মবিশ্বাসের হাওয়া। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে দলের অন্যতম সেরা তারকা ও পিএসজি ডিফেন্ডার আশরাফ হাকিমি স্পষ্ট জানিয়ে দিলেন, ব্রাজিলকে সমীহ করলেও জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে তার দল।
সংবাদ সম্মেলনে হাকিমি দলের বর্তমান মানসিকতা এবং ব্রাজিলের বিপক্ষে তাদের পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করেন। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচটি যে সহজ হবে না, তা স্বীকার করে হাকিমি বলেন, ‘ব্রাজিল বিশ্বের অন্যতম সেরা দল এবং তাদের দলে বিশ্বমানের সব খেলোয়াড় রয়েছেন। তবে আমরা কাউকে ভয় পাই না। বিশ্বকাপে আমরা প্রমাণ করেছি যে কোনো দলের বিপক্ষে আমরা সমানতালে লড়তে পারি। আমাদের লক্ষ্য কেবল ভালো খেলা নয়, আমরা ম্যাচটি জিততে চাই।’হাকিমি আরও উল্লেখ করেন যে, ‘বিশ্বকাপের সাফল্য মরক্কো ফুটবলকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। ঘরের মাঠে বা চেনা দর্শক সারির সামনে এই আত্মবিশ্বাস তাদের আরও তাতিয়ে তুলবে।’
ব্রাজিল দলে ভিনিসিয়ুস জুনিয়র বা রদ্রিগোর মতো তারকাদের রুখতে রক্ষণভাগকে বাড়তি সতর্ক থাকতে হবে বলে জানান এই রাইট-ব্যাক। তবে রক্ষণ সামলানোর পাশাপাশি কাউন্টার অ্যাটাকে ব্রাজিলকে বধ করার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে কোচ ওয়ালিদ রেগ্রাগুইয়ের, এমনটাই আভাস দেন তিনি।
মরোক্কান ডিফেন্ডারের কণ্ঠে ছিল দর্শকদের প্রতি কৃতজ্ঞতাও। তিনি বলেন, ‘সমর্থকরাই আমাদের দ্বাদশ খেলোয়াড়। তাদের অকুণ্ঠ সমর্থন মাঠে আমাদের বাড়তি শক্তি জোগায়। ব্রাজিলের বিপক্ষে আমরা আমাদের সেরাটা উজাড় করে দেব এবং সমর্থকদের আরেকটি স্মরণীয় রাত উপহার দেওয়ার চেষ্টা করব।’
ফুটবল বিশ্লেষকদের মতে, রক্ষণভাগে হাকিমির গতি এবং অভিজ্ঞতা মরোক্কোর জন্য বড় অস্ত্র হতে যাচ্ছে। ব্রাজিলের শক্তিশালী আক্রমণভাগকে হাকিমি ও তার দল কতটা আটকে রাখতে পারে, তার ওপরই নির্ভর করছে ম্যাচের ভাগ্য। তবে ম্যাচের আগে মরোক্কান তারকার এমন দৃঢ়চেতা মনোভাব ফুটবলপ্রেমীদের একটি হাই-ভোল্টেজ ম্যাচেরই ইঙ্গিত দিচ্ছে।

