২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

রিমাল: উদ্ধার কাজে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ফায়ার ফাইটারের মৃত্যু

প্রতিদিনের ডেস্ক॥
ঘূর্ণিঝড় রিমালের কারণে পড়ে যাওয়া গাছ অপসারণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল হোসেন নামে একজন ফায়ারফাইটারের মৃত্যু হয়েছে।সোমবার (২৭ মে) দিনগত রাত ১২টা ২৫ মিনিটে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।মঙ্গলবার (২৮ মে) ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) শাহজাহান শিকদার এ তথ্য জানান।
তিনি বলেন, ঘূর্ণিঝড় রিমালের কারণে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা এলাকায় গাছ পড়ে চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। রাত ১০টার সময় সংবাদ পেয়ে খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায় এবং গাছ অপসারণ করতে থাকে। গাছ অপসারণের এক পর্যায়ে আকস্মিক বিদুৎ চলে আসায় ফায়ার ফাইটার মো. রাসেল হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাসেল হোসেন মৃত্যুবরণ করেন।
রাসেল হোসেনের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
ফায়ার ফাইটার রাসেল হোসেনের বাড়ি ঢাকার ধামরাইয়ের বাসনা গ্রামে। তিনি ২০২৩ সালে একজন ফায়ার ফাইটার হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগদান করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়