১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

তোমাকে কাছে পেলে এবং অন্যান্য

প্রতিদিনের ডেস্ক:
তোমাকে কাছে পেলে
সব কথা ফুরিয়ে যায়
তবুও মনে হয় আরও কিছুক্ষণ বসে থাকি
পৃথিবীর জর্জরিত কোলাহলে তুমি এক শান্ত বাড়ি
এখানে থাকলেই সব ক্নান্তি নেমে যায়
চোখে ভেতরের ফেঁপে ওঠা জলরাশি থেমে যায়
তোমার সাথে মুহূর্তরা সুখে ভেসে যায়
এই সুখের জন্য শত অভিমান জড়ো হয়ে যায়।
সব কথা ফুরিয়ে যায়
তবুও মনে হয় আরও কিছুক্ষণ তোমার মুখপানেই তাকাই
অশান্ত পৃথিবীতে তুমি দখিনা সমীরণের অবিরত এক সুখ
তোমাকে কাছে পেলে হা-হুতাশ কমে যায়
বুকের ভেতরে বহন করা পাথর মরে যায়
তোমার সাথে সমস্ত মুহূর্ত আনন্দে হেসে যায়
এই আনন্দের জন্য বার বার অভিমান এসে দাঁড়ায়।
****
অজান্তে
তোমাকে ছেড়ে দিতে গেলেই হৃদয় হাহাকারে পূর্ণ হয়ে ওঠে
কেউ কখনো এমন করে পিছু ডাকেনি!
তোমার টেনে ধরার মায়ায় রোজ চোখে পদ্ম ফোটে
মনে হয় এই চোখ তোমার সম্মুখে রেখে বলি
অজান্তে আমাকে তুমি কেড়ে নিচ্ছো
কঠোর হৃদয়ে তোমার জন্য মায়া নেমে এসেছে।
তোমাকে আঘাতে চূর্ণ করার পর আমিও আঘাতে বিহ্বল হয়ে উঠি
কেউ কখনো এমন করে বলেনি, থেকে যাও!
আমাকে পাওয়ার যে আকুলতা সেসবে সুখে কান্না নেমে আসে
মনে হয় তোমাকে লাজলজ্জা রেখে বলি,
নির্মম এই হৃদয়ে তোমার জন্য ভালোবাসার ফুল ফুটেছে।
ছেলে, এমনই থেকে যাও
সব নিমর্মতা রেখে একদিন তোমার জন্য মায়াবিনী হয়ে যাবো
পৃথিবী সেদিন বিস্ময়ে শুধু চেয়ে থাকবে।
****
তোমার জন্য আছি
ক্লান্তির পাহাড়ে দাঁড়িয়ে তোমায় দেখি
ঝড় এসে আমাকে উড়িয়ে নিতে চায়
বেসামাল হয়ে পড়ি
তখন তুমি হাতখানি শক্ত করে বলো,
এই দেখো আমি আছি।
প্রলয়ংকরী ঘূর্ণিঝড় এসে উড়িয়ে নিতে চায়
চিৎকারে চোখেমুখে অন্ধকার দেখি
দিগ্বিদিক হয়ে পড়ি
তখন তুমি আলিঙ্গনে কাছে রেখে বলো,
ভয় নেই নিরাপদ জায়গায় পৌঁছে যাবো।
এই আমিও তোমার জন্য আছি
যদি প্রশ্ন করো, কতকাল?
আমি বলবো, আজন্মকাল।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়