৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ইঞ্জিন-চালক সংকটে বন্ধ হয়ে গেলো কক্সবাজার স্পেশাল ট্রেন

প্রতিদিনের ডেস্ক॥
ইঞ্জিন ও লোকোমাস্টার (চালক) সংকট দেখিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচলকারী ‘কক্সবাজার স্পেশাল’ নামের একজোড়া ট্রেন।বৃহস্পতিবার (৩০ মে) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজার স্পেশালের ৩ ও ৪ ট্রেনটির চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে রেলওয়ে।
বুধবারও (২৯ মে) যাত্রীবাহী বিশেষ ট্রেনটি চলাচল করেছে। রেলওয়ের কর্মকর্তারা বলছেন, ইঞ্জিন ও লোকোমাস্টার সংকট কাটলে ফের চট্টগ্রাম-কক্সবাজার রুটে বিশেষ ট্রেনটি চালু করা হবে।
রেলওয়ের পূর্ব-ঘোষণা অনুযায়ী, আগামী ১০ জুন পর্যন্ত বিশেষ ট্রেনটি চলাচলের কথা ছিল। কিন্তু তার ১২ দিন আগেই রেলওয়ে কর্তৃপক্ষ ঘোষণা দিয়ে ট্রেনটি চলাচল বন্ধ করে দিয়েছে। তবে ঢাকা-কক্সবাজার রুটে বিরতিহীন দুটি ট্রেন (কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস) চলাচল অব্যাহত থাকবে।
পূর্বাঞ্চল রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম বলেন, ইঞ্জিন ও লোকোমাস্টার সংকটে আপাতত চট্টগ্রাম-কক্সবাজার রুটে কক্সবাজার স্পেশাল ট্রেনটি চলাচল বন্ধ থাকবে। গত রোজার ঈদের আগে ট্রেনটি চালু করা হয়েছিল। বিপুল যাত্রী চাহিদা থাকার কারণে এরই মধ্যে কয়েকবার ট্রেনটি চলাচলের সময় বাড়ানো হয়েছে।
রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা (এসিওপিএস) কামাল আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রেলওয়ের মহাপরিচালকের কার্যালয় থেকে কক্সবাজার স্পেশাল-৩ ও ৪ ট্রেনটি আগামী ১০ জুন পর্যন্ত চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু যান্ত্রিক বিভাগ থেকে ইঞ্জিন ও লোকোমাস্টারের সংকট থাকার কথা জানানো হয়েছে। এ জন্য কক্সবাজার বিশেষ ট্রেন বুধবার পর্যন্ত চলবে। ৩০ মে থেকে ১০ জুন পর্যন্ত ট্রেন চলাচল বাতিল করা হলো।
জানা যায়, গত বছরের ১১ নভেম্বর চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নবনির্মিত রেললাইনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গত বছর ১ ডিসেম্বর ঢাকা থেকে আনুষ্ঠানিকভাবে ট্রেন (কক্সবাজার এক্সপ্রেস) চলাচল শুরু হয়। চলতি বছর ১০ জানুয়ারি পর্যটক এক্সপ্রেস নামের আরেকটি ট্রেন চালু করে রেল। ঢাকা-কক্সবাজার রুটের দুটি ট্রেনের প্রতিটিতে ১১৫টি করে আসন বরাদ্দ রাখা হয় চট্টগ্রাম স্টেশনের জন্য।
ঢাকা থেকে পর পর দুটি ট্রেন চালু করা হলেও চট্টগ্রাম থেকে কোনো ট্রেন ছিল না। এ নিয়ে চট্টগ্রামবাসীর দাবির মুখে গত ঈদুল ফিতরে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ‘কক্সবাজার স্পেশাল’ নামে সাময়িকভাবে বিশেষ ট্রেনটি চালু করে রেলওয়ে কর্তৃপক্ষ। গত ৮ এপ্রিল ট্রেনটির চলাচল শুরু হয়। চট্টগ্রাম-কক্সবাজার রুটের বিশেষ এ ট্রেনটি চট্টগ্রাম রেলস্টেশন থেকে প্রতিদিন সকাল ৭টায় ছেড়ে কক্সবাজার পৌঁছাত সকাল ১০টা ২০ মিনিটে। আবার কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশে সন্ধ্যা ৭টায় ছেড়ে চট্টগ্রাম পৌঁছাত রাত ১০টায়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়