প্রতিদিনের ডেস্ক:
রাজধানীর গুলশান-বারিধারার ডিপ্লোমেটিক এলাকায় ফিলিস্তিনি দূতাবাসের সামনে দায়িত্ব পালনকালে ‘পুলিশ কনস্টেবল মনিরুলকে হত্যার’ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার কনস্টেবল কাউসার আলীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (৯ মে) বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহাম্মদের আদালত এ আদেশ দেন।আজ মামলাটির তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মান্নাফ আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। তবে এ দিন আসামি পক্ষের কোনও আইনজীবী ছিল না।মামলার অভিযোগে বলা হয়, শনিবার (৮ জুন) রাত ৯টা থেকে সশস্ত্র অবস্থায় ফিলিস্তিনি দূতাবাসের সামনে নিরাপত্তামূলক ডিউটিতে ছিলেন কাওছার আলী ও মনিরুল হক। রাত পৌনে ১২টার দিকে ডিউটি নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে কাওছার উত্তেজিত হয়ে মনিরুলকে এলোপাতাড়ি গুলি করতে থাকে। এতে মনিরুল ঘটনাস্থলেই মারা যান।এ ঘটনায় নিহতের ভাই কনস্টেবল মাহাবুবুল হক গুলশান থানায় মামলাটি দায়ের করেন।
