প্রতিদিনের ডেস্ক:
দেশে বিদ্যমান মেডিকেল কলেজগুলোর মান বৃদ্ধি পেলে আরও বেশি দক্ষ চিকিৎসক তৈরি হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।তিনি বলেন, আমাদের মেডিকেল কলেজগুলোর সুযোগ সুবিধা বাড়াতে হবে। মেডিকেল কলেজগুলো আমাদের ডাক্তার তৈরি করে। মেডিকেল কলেজগুলোর মান বাড়লে আর উন্নত যুগোপযোগী শিক্ষা দিলে আমরা সুদক্ষ ডাক্তার পাব।
রোববার দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজে শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, মেডিকেল প্রফেশনাল এবং রোগীদের সুরক্ষার জন্য স্বাস্থ্য সুরক্ষা আইনের খসড়া তৈরি শেষ পর্যায়ে আছে। ইতোমধ্যে আমরা অনেকবার এটা নিয়ে মন্ত্রণালয়ে সভা করেছি। এই আইন রোগী এবং ডাক্তার উভয়কেই সুরক্ষা দেবে।
