ভারতীয় তারকার অর্জিত জয় বাতিল করে দিলো অলিম্পিক
- প্রতিদিনের ডেস্ক॥
দুর্দান্ত জয় দিয়েই প্যারিস অলিম্পিক ২০২৪ সালের মিশন শুরু করেছিলেন ভারতীয় শাটলার লক্ষ্য সেন। গত শনিবার পুরুষদের সিঙ্গলসের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে গুয়াতেমালার কেভিন কর্ডনের বিপক্ষে দারুণ জয় পান এই ভারতীয়। প্রথম সেটে কর্ডনকে পাত্তাই দেননি লক্ষ্য। এই সেট তিনি জিতে নেন ২১-৮ ব্যবধানে। দ্বিতীয় সেটে অবশ্য দারুণ লড়াই হয়েছে দুইজনের মধ্যে। তবে শেষমেশ ২২-২০ ব্যবধানে জয় নিশ্চিত করেছে লক্ষ্যই। দারুণ জয় পেয়েও দুঃসংবাদ শুনতে হয় লক্ষ্যকে। তার অর্জিত জয়টি বাতিল করে দেয় অলিম্পিক কর্তৃপক্ষ। জানা গেছে, কনুইয়ের চোটের কারণে প্যারিস অলিম্পিক থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন কর্ডন। অলিম্পিকের নিয়ম অনুযায়ী, প্রতিপক্ষের ইনজুরির কারণে লক্ষ্য সেনের এই জয় গণণা করা হবে না। এখন গ্রুপ পর্বের পরের ম্যাচে বেলজিয়ামের জুলিয়েন ক্যারাগির বিপক্ষে খেলতে হবে লক্ষ্যকে। এরপর ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টির বিপক্ষে খেলবেন তিনি। এই গ্রুপে একমাত্র খেলোয়াড় হিসেবে তিনটি ম্যাচ খেলতে হবে লক্ষ্যকে। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন (বিডব্লিউএফ) একটি বিবৃতিতে বলেছে, ‘গুয়েতেমালার পুরুষ ব্যাডমিন্টন খেলোয়াড় কেভিন কর্ডন বাম কনুইতে চোটের কারণে প্যারিস ২০২৪ অলিম্পিক গেমস থেকে নাম প্রত্যাহার করেছেন। গ্রুপ পর্বের খেলার জন্য ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের নিয়মানুযায়ী, গ্রুপ পর্বে কর্ডন যে ম্যাচগুলি খেলেছে, সেই সমস্ত খেলার ফলাফল আর বিবেচনা করা হবে না।’