৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে শাহীন চাকলাদারের হোটেলে অগ্নিসংযোগ, নিহত ৬

নিজস্ব প্রতিবেদক
শেখ হাসিনার পদত্যাগের পর যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের মালিকানাধীন পাঁচ তারকা হোটেল ‘জাবির ইন্টারন্যাশনালে’ অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। এতে দগ্ধ হয়ে ছয়জন নিহত ও ২০ জন গুরুতর আহত হয়েছেন। সোমবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। এসময় হোটেলের ভেতরে অনেকে আটকা পড়েন। হেলিকপ্টারে করে উদ্ধারকারী দল ১৪ তলা বিশিষ্ট হোটেলের ছাদ থেকে কয়েকজনকে উদ্ধার করে। এদিকে ফায়ার সার্ভিসের কয়েকটি দল সন্ধ্যা ৭টা পর্যন্ত আগুন নেভানোর চেষ্টা করেও নিয়ন্ত্রণে আনতে পারেনি। সরেজমিনে দেখা যায়, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে যশোর শহরে বিজয় মিছিল বের করে ছাত্র-জনতা। ওই মিছিল থেকে বিক্ষুব্ধ লোকজন চিত্রা মোড়ে অবস্থিত হোটেল জাবির ইন্টারন্যাশনালে ভাঙচুর শুরু করে। দ্বিতীয় দফায় ৪টার দিকে তারা অগ্নিসংযোগ করে। এ সময় হোটেলে নিচ থেকে ১২, ১৩ ও ১৪ তলায় আগুন জ্বলতে দেখা যায়। যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ বলেন, ‘জাবির হোটেলে অগ্নিদগ্ধ হয়ে পাঁচজনের মরদেহ হাসপাতালের মর্গে আনে ফায়ার সার্ভিসের টিম। এছাড়া একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হোটেলে অগ্নিদগ্ধের ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ২০ জনের মতো। আহতদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক।’ এদিকে শাহীন চাকলাদারের হোটেল ছাড়াও তার শহরের কাজীপাড়া কাঠালতলার বাসভবন, কাজীপাড়ায় যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বাসা, জেলা আওয়ামী লীগের কার্যালয়, সাবেক এমপি রণজিত রায়ের ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুরের ঘটনা ঘটেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়