প্রতিদিনের ডেস্ক:
আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি। তিনি বলেন, এবারের মনোনয়ন অত্যন্ত সুচিন্তিতভাবে দেওয়া হয়েছে। আমি মনে করি এই মনোনয়নটা অত্যন্ত সুন্দরভাবে চিন্তাভাবনা করে হয়েছে। এখানে প্রবীণ এবং নবীনের যে চমৎকার সমন্বয় হয়েছে, তাতে আমরা আশাবাদী যে তারা পার্লামেন্টে কার্যকর ভূমিকা রাখতে পারবে।মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মনোনয়নপত্র জমা দেওয়া শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
দীর্ঘ বিরতির পর গঠিত এই সংসদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ত্রয়োদশ সংসদে আমরা সবাই আসতে পেরে আজকে ধন্য। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংসদ। দীর্ঘ ১৭ বছর পর এই সংসদ গণতন্ত্র উত্তরণে এবং বাংলাদেশকে সুন্দর করার লক্ষ্যে কাজ করবে। আমরাও সেই লক্ষ্যেই কাজ করব। এ সময় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেত্রী।তফসিল অনুযায়ী, আজ (মঙ্গলবার) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র বাছাই ২২ ও ২৩ এপ্রিল, আপিল ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল ও ভোটগ্রহণ ১২ মে।
উল্লেখ্য, ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনে দলগত ও জোটগত অবস্থান অনুযায়ী– বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র জোট ১টি আসন পেতে যাচ্ছে।

