প্রতিদিনের ডেস্ক:
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত কমপক্ষে ৭১ জন। সোমবার ( ৫ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় হতাহতের এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালেও পশ্চিম তীরের জেনিন শহরে ও জেনিন শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।গাজার সিভিল ডিফেন্স এজেন্সি বলছে, প্রায় ৯০ জন অজ্ঞাতপরিচয় ফিলিস্তিনির মৃতদেহ ইসরায়েলি বাহিনী নিয়ে গিয়েছিল। সেগুলো ফেরত পাঠিয়েছে তারা। পরে তাদেরকে গণকবরে দাফন করা হয়েছে।ইসরায়েলি সামরিক মুখপাত্র আভিচে আদ্রেই বলেছেন, ইসরায়েলি বাহিনী শুজাইয়া এলাকায় সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আক্রমণ চালিয়ে যাচ্ছে।গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত নিহত হয়েছে অন্তত ৩৯ হাজার ৬২৩ বেসামরিক নাগরিক। আহত কমপক্ষে ৯১ হাজার ৪৬৯ জন।গাজা যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কায় মধ্যপ্রাচ্যে জরুরি অবস্থা কমানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।এদিকে রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগু তেহরানে তার ইরানি প্রতিপক্ষের সাথে দেখা করেছেন। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও তার আলোচনার কথা রয়েছে।
