১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রবেশ-অবস্থানে বাধা নেই, আদেশ সংশোধন

প্রতিদিনের ডেস্ক॥
সার্বিক নিরাপত্তা রক্ষার নামে ‘সাংবাদিকদের হুমকি’ মনে জারি করা অফিস আদেশ আপত্তির মুখে সংশোধন করলো নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রবেশ ও অবস্থানে কোনো বাধা না থাকার কথা জানিয়েছে সংস্থাটি।বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য জানিয়েছে ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম। তিনি গণমাধ্যমকে বলেন, আগের অফিস আদেশটি সংশোধন করা হয়েছে। কোনো সমস্যা নেই, আপনারা (সাংবাদিকরা) আগের মতোই কাজ করবেন।
এর আগে সকালে নির্বাচন ভবনের সার্বিক নিরাপত্তার জন্য দর্শনার্থীদের মতো সাংবাদিক প্রবেশ ও অবস্থানে কড়াকড়ি আরোপ করে অফিস আদেশ জারি করে ইসি। আদেশে উল্লেখ করা হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের (নির্বাচন ভবন) সার্বিক নিরাপত্তার স্বার্থে বিভিন্ন সেবাপ্রত্যাশী, নির্বাচন কমিশন সচিবালয়, আইডিইএ-২ (স্মার্টকার্ড) প্রজেক্ট, ইভিএম প্রজেক্ট, সিবিটিইপি প্রজেক্ট, সেবাদানকারী প্রতিষ্ঠান পিডব্লিউডির কর্মকর্তা/কর্মচারীদের ছাড়া অতিথি এবং সাংবাদিকদের অফিস সময়ের শেষে বিকেল ৫টার পরে নির্বাচন ভবনে অবস্থান ও প্রবেশ না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। শুধু মিডিয়া সেন্টার সাংবাদিকদের জন্য খোলা থাকবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে সাংবাদিকরা আপত্তি জানান। বিষয়টি ইসি সচিব শফিউল আজিমের কাছে তুলে ধরেন নির্বাচন কমিশনের খবর সংগ্রহকারী সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি আকরামুল হক সায়েম। পরে তা সংশোধন করার কথা জানান ইসি সচিব।
পরে বিকেলে নতুন এক অফিস আদেশ জারির মাধ্যমে সাংবাদিকদের অফিস সময়ের শেষে বিকেল ৫টার পরে নির্বাচন ভবনে অবস্থান ও প্রবেশ না করার বিষয়টি প্রত্যাহার করে নেওয়া হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়