প্রতিদিনের ডেস্ক:
খেলোয়াড়ি জীবনের ইতি টানার দুই বছর পর এসে নতুন ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন আন্দ্রেস ইনিয়েস্তা। গালফ ইউনাইটেডের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন তিনি। প্রথমবারের মতো কোনো দলের ডাগআউটে দেখা যাবে বিশ্বকাপজয়ী স্প্যানিশ তারকা মিডফিল্ডারকে। ৪২ বছর বয়সী ইনিয়েস্তাকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় স্তরের ক্লাবটি। আরব আমিরাতের এমিরেটস ক্লাবের হয়ে খেলেই খেলোয়াড়ি জীবনের ইতি টানেন ইনিয়েস্তা। সেই দেশটির আরেকটি ক্লাবের কোচ হিসেবে কোচিং ক্যারিয়ার শুরু করতে পেরে ভালো লাগছে তার।
ইনিয়েস্তা জানান, এই নতুন অধ্যায় শুরু করার জন্য গালফ ইউনাইটেড এফসিকে সঠিক জায়গা মনে হয়েছে। ফুটবল আমাকে সবকিছু দিয়েছে, আর এখন কোচিংয়ের মাধ্যমে, শেখার মাধ্যমে এবং প্রতিদিন এমন তরুণ খেলোয়াড়দের সঙ্গে কাজ করার মাধ্যমে, যাদের অনেক দূর যাওয়ার ক্ষুধা ও প্রতিভা রয়েছে, ফুটবলকে কিছু দিতে চাই।একবিংশ শতাব্দীর সফল ও ট্রফি জয়ী খেলোয়াড়দের একজন হিসেবে ২০২৪ সালে ফুটবল থেকে অবসর নেন ইনিয়েস্তা। বার্সেলোনার সাবেক এই ফুটবলার ক্যারিয়ারে চারটি চ্যাম্পিয়ন্স লিগ, নয়টি লা লিগা জেতেন।
জাতীয় দলের জার্সিতেও সাফল্যের স্বাদ পান ইনিয়েস্তা। দুটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং একটি বিশ্বকাপ জেতেন তিনি। ২০১০ সালের বিশ্বকাপ ফাইনালের অতিরিক্ত সময়ে নেদারল্যান্ডসের বিপক্ষে তার দেওয়া জয়সূচক গোলেই চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন।খেলোয়াড়ি জীবন শেষে কোচিং পেশায় আসার কোনো পরিকল্পনা ছিল না ইনিয়েস্তার। নিজের ভাবনা বদলে এবার খেলোয়াড় তৈরির দায়িত্ব নিলেন তিনি। ২০১৯ সালে প্রতিষ্ঠিত গালফ ইউনাইটেড ২০২৫-২৬ মৌসুমে ‘ইউএই ফার্স্ট ডিভিশন লিগ’-এ দশম স্থানে থেকে আসর শেষ করেছে।

