নিজস্ব প্রতিবেদক॥
যশোর শহরের আশ্রম মোড় এলাকার এক বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে। সংঘবদ্ধ চোরেরা রান্না ঘরের এডজাস্টিং ফ্যান কৌশলে খুলে ঘরে ঢুকে শোকেচের ড্রয়ার হতে আলমারির চাবি নিয়ে আলমারি খুলে নগদ ৭ হাজার টাকা ও ১২ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণলংকর নিয়ে পালিয়েছে। এ ঘটনায় কোতয়ালি থানায় অভিযোগ দিলে পুলিশ ৭ দিন পর বুধবার ১৮ সেপ্টেম্বর রাতে নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করেছে। মামলাটি করেছেন, ওই এলাকার মৃত সৈয়দ আক্তার হোসেনের ছেলে এস এম সাঈদ হাসান দোলন। মামলায় আসামী করেন অজ্ঞাতনামা চোর বা চোরেরা। মামলায় তিনি উল্লেখ করেন,শহরের আশ্রম মোড়স্থ বাদির দ্বিতীয় তলা বিশিষ্ট বিল্ডিং এর ২য় তলার পশ্চিম পাশের ফ্লাটে বাদি পরিবারসহ বসবাস করেন। গত ৯ সেপ্টেম্বর বাদি ডাক্তার দেখানোর জন্য খুলনায় যায়। বাড়িতে বাদির স্ত্রী শারমিন নাহার মিরা ও মেয়ে নিহারিকা মোবাশ^রা দ্বয় ছিলো। বাদির স্ত্রী ও মেয়ে ১০ সেপ্টেম্বর রাতের খাওয়া শেষে রাত অনুমান ১১ টার সময় তারা একত্রে শুয়ে পড়েন। বাদির ঘুমানো ঘরটি খালি ছিল। ভোর রাত সাড়ে ৪ টার সময় বাদির স্ত্রী ঘুম থেকে উঠে দেখেন তাদের ফ্লাটের মেইন দরজা খোলা। তখন শারমিন নাহার মিরা স্বামীর ঘুমানোর কক্ষে যেয়ে দেখেন ঘরের মালামাল তছনছ করা। আলমারি খোলা অবস্থায় দেখতে পেয়ে আলমারির কাছে যেয়ে দেখেন ড্রয়ারে রাখা নগদ ৭ হাজার টাকা, স্বর্ণের চুড়ি,চেইন,বালা, নেকলেস,কানের দুল, আংটিসহ ১৪ ভরি স্বর্ণালংকার নেই। বাদির স্ত্রী দেখতে পান তাদের বাড়ির রান্না ঘরের এডজাস্টিং ফ্যান খোলা। বাদির স্ত্রী তৎক্ষনিক মোবাইলে বাদিকে জানালে বাদি সকালে বাড়িতে এসে তার স্ত্রীর কাছে ঘটনা শুনে। অজ্ঞাতনামা চোর বা চোরেরা বাদির বাড়ির রান্না ঘরের ফ্যান কৌশলে খুলে ঘরের মধ্যে ঢুকে চুরি করে পালিয়েছে।

