১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

জাতিসংঘে ড. ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর দেখা হচ্ছে না : পররাষ্ট্র উপদেষ্টা

প্রতিদিনের ডেস্ক॥
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘের সাধারণ অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, ‘ওনাদের দুজনের উপস্থিতি নিউ ইয়র্কে একসঙ্গে হচ্ছে না। কারণ মোদি একটু আগে চলে যাচ্ছেন, আর আমাদের প্রধান উপদেষ্টা একটু দেরিতে যাবেন।’
শনিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের ৭৯তম অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। পররাষ্ট্র উপদেষ্টা জানান, ‘জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডস, পাকিস্তান ও নেপালের প্রধানমন্ত্রী; ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব, জাতিসংঘের মানবাধিকার সম্পর্কিত হাইকমিশনার, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, ইউএসএআইডি প্রশাসকের সঙ্গে দেখা হওয়াটা কনফার্ম হয়েছে। আর কিছু পাইপলাইনে আছে। সেগুলো শেষ মুহূর্তে জানতে পারবো বলে আশা করছি।’
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক হবে বলে জানানো হয়েছে। এ বিষয়ে তৌহিদ হোসেন জানান, ‘সব সমস্যা সমাধান করে আমরা পারস্পরিক শ্রদ্ধা ও ন্যায্যতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে চাই।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়