প্রতিদিনের ডেস্ক॥
বাংলাদেশের সব ইউনিয়ন পরিষদ না ভেঙে চেয়ারম্যান ও মেম্বারদের পূর্ণ মেয়াদে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম। সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘আজকে ইউনিয়ন পরিষদের সেবা বিঘ্নিত হচ্ছে। আপনারা জানেন মানুষ সেবা বঞ্চিত হচ্ছে।আজকে পুলিশ বাহিনীতে নিয়োগ চলছে। নৌবাহিনী, বিমানবাহিনীতেও নিয়োগ চলছে। তাদের ইউনিয়ন পরিষদ থেকে বিভিন্ন ধরনের সনদপত্র দিতে হয় আমাদের। তারা কিন্তু বর্তমানে এই সেবা পাচ্ছে না।তারা খুব কষ্টে আছে। আমরা সরকারের কাছে অনুরোধ করব, যাতে ইউনিয়ন পরিষদ ভেঙে না দেওয়া হয়। আমরা যাতে আগামী তিনটি বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করে এই সরকারকে সহযোগিতা করতে পারি। যাতে এই সরকার এই দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে।
বক্তারা আরো বলেন, ‘ইউনিয়ন পরিষদ ভেঙে দিলে দেশের আইন-শৃঙ্খলা এবং জনগণের সেবা মুখ থুবড়ে পড়বে। বাংলাদেশের যে অশান্তি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবে, তার জনরোষ বর্তমান সরকারের ওপরে পড়বে।’
মানববন্ধনে সংগঠনটির আহ্বায়ক জিল্লুর রহমান বলেন, ইউনিয়ন পরিষদ বাংলাদেশ সরকারের সবচেয়ে জনপ্রিয় ও শক্তিশালী কাঠামো। দেশের এ প্রতিষ্ঠানটি সাধারণ জনগণের আশা ও ভরসার আশ্রয় স্থল। অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকারের উপদেষ্টা অজ্ঞাত কারণে এই জনপ্রিয় প্রতিষ্ঠানটি ভেঙে দেওয়ার অভিমত ব্যক্ত করেছেন।এ কাঠামো ভেঙে অগণতান্ত্রিক উপায়ে ইউনিয়ন পরিষদ পরিচালনার যে রূপরেখা দাঁড় করিয়েছেন বাংলার মানুষের আশা-ভরসার আশ্রয়স্থলে কুঠারাঘাত করেছেন। এই কাঠামো ভেঙে আমলাতান্ত্রিক উপায়ে ইউনিয়ন পরিষদ পরিচালনা করলে গ্রামের খেটে খাওয়া মানুষ আশাহত হবে।’
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সুজাউদ্দৌলা লিপটন, আজিজুল, মো. জাকির আলম প্রমুখ।

