প্রতিদিনের ডেস্ক॥
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউয়াত তার বিভিন্ন মন্তব্যের জন্য বারবারই বিতর্কে পড়েন। তবে এবার শুধুই বিতর্ক নয়, কৃষক আন্দোলন, মহাত্মা গান্ধীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে উত্তরপ্রদেশের আগ্রার এমপি-এমএলএ আদালতের নোটিশ পেলেন তিনি। আইনজীবী রামাশঙ্কর শর্মার অভিযোগ অনুযায়ী, কৃষক আন্দোলন ও মহাত্মা গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন কঙ্গনা। আর সেই কারণেই তাকে আদালতের নোটিশ পাঠানো হয়েছে। জানা যায়, আগামী ২৮শে নভেম্বরের মধ্যে অভিযোগ সম্পর্কে অভিনেত্রীর জবাব চাওয়া হয়েছে। আগস্ট মাসে কঙ্গনা তার সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেন। যেখানে তিনি লেখেন, ভারতে কৃষক আন্দোলন বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি করতে পারতো। কিন্তু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিচক্ষণ সিদ্ধান্তের জন্যই তা হতে পারেনি। এখানেই শেষ করেননি কঙ্গনা। তিনি এই পোস্টে আরও লেখেন, কৃষক আন্দোলন চলাকালীন ঝুলন্ত অবস্থায় বহু দেহ পাওয়া গিয়েছে। সেই সময় প্রচুর ধর্ষণের ঘটনাও ঘটেছে। তবে এখানেই শেষ নয়, কঙ্গনা আরও একটি পোস্টে দেশে গান্ধীর স্বচ্ছতার উত্তরাধিকার বহন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কৃতিত্ব দিয়েছেন। এর ফলে কংগ্রেস পার্টির তরফ থেকে একাধিক আক্রমণাত্মক পোস্ট এসেছে কঙ্গনার বিরুদ্ধে। এমনকি, কঙ্গনার এই পোস্ট দেখে রাজনৈতিক মহলেই উত্তেজনা শুরু হয়েছে।

