খুলনা প্রতিনিধি॥
বকেয়া বেতন ভাতা পরিশোধ ও বন্ধ সরকারি সকল পাটকল পুনরায় রাষ্ট্রীয়ভাবে চালুর দাবিতে বিজেএমসি’র খুলনার আঞ্চলিক কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে শ্রমিকরা। বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত নগরীর দৌলতপুর জুট মিল ও খালিশপুর জুট মিলের শ্রমিকরা এ কর্মসূচি পালন করে। এর আগে শ্রমিকরা মিছিল করে এসে বিজেএমসির কার্যালয়ের সামনে অবস্থান নেয়। শ্রমিকরা বলেন, ২০২০ সালের ২ জুলাই তৎকালীন সরকার দেশের ২৬টি রাষ্ট্রীয় পাটকল একযোগে বন্ধ করে দেয়। তখন কথা ছিল শ্রমিকদের যাবতীয় পাওনা দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করা হবে। কিন্তু এখনো পর্যন্ত খালিশপুর জুট মিল, দৌলতপুর জুট মিল, সিরাজগঞ্জ জাতীয় জুট মিল, চট্টগ্রামের আর আর জুট মিল এবং এম এম জুট মিলের শ্রমিকদের পাওনা পরিশোধ করা হয়নি শ্রমিকরা বলেন, ২০১৫ সালের সরকার ঘোষিত মজুরি কমিশন, করোনাকালীন দুই মাসের প্রণোদনা, ৮টি ঈদ বোনাস, ৬০ দিনের পে নোটিসসহ নানা ধরনের পাওনা এখনো তারা পায়নি। এতে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে শ্রমিকরা। আগামী ৫ ডিসেম্বরের মধ্যে তাদের পাওনা পরিশোধ করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শ্রমিকরা। এ সময় তারা বন্ধকৃত পাটকল রাষ্ট্রীয়ভাবে পুনরায় চালুরও দাবিও জানান। কর্মসূচিতে সভাপতিত্ব করেন দৌলতপুর জুট মিল কারখানা কমিটির সহ-সভাপতি মোফাজ্জেল হোসেন। বক্তৃতা করেন, খালিশপুর জুট মিল কারখানা কমিটির সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির, শ্রমিক নেতা মো. শফি উদ্দিন, আব্দুল আজিজ, চাঁন মিয়া ও মো. উজ্জ্বল প্রমুখ।

