প্রতিদিনের ডেস্ক॥
টেস্টে দীর্ঘ ১৬ মাস কোনও সেঞ্চুরি ছিল না বিরাট কোহলির। হচ্ছিলেন সমালোচিত। পার্থে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসেও ফিরেছেন মাত্র ৫ রানে। তবে দ্বিতীয় ইনিংসে রান পাহাড় গড়ার দিনে ঠিকই সেঞ্চুরি দেখা পেয়েছেন তিনি। তার সেঞ্চুরির পরই ৬ উইকেটে ৪৮৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করছে ভারত। ৫৩৪ রানের প্রায় অসম্ভব লক্ষ্য দিয়ে দিনের শেষে অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে দিয়ে জয়ের সুবাস পেতে শুরু করেছে তারা। জসপ্রীত বুমরার আঘাতে ১২ রানে তিন উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করেছে অজি দল। প্রথম ওভারেই ওপেনার নাথান ম্যাকসুয়েনিকে তুলে নেন বুমরা। পরের ওভারে প্যাট কামিন্সকে ফেরান মোহাম্মদ সিরাজ। জসপ্রীত বুমরা দিনের শেষ বলে মার্নাস লাবুশেনকেও বিদায় দিলে মাত্র ৪.২ ওভারেই বিপদে পড়ে যায় স্বাগতিক দল। ক্রিজে আছেন উসমান খাজা (৩)। তাদের জয়ের জন্য দরকার ৫২২ রান! পার্থে সিরিজের প্রথম টেস্টটা তৃতীয় দিনটা ছিল ওপেনার যসশ্বী জয়সওয়ালের। তার সেঞ্চুরিতেই রানের পাহাড় গড়েছে সফরকারী দল। মনে হচ্ছিল ডাবল সেঞ্চুরিও বুঝি পেয়ে যাবেন। কিন্তু মার্শের বল কাট করতে গিয়ে ১৬১ রানে থেমেছেন তিনি। তার ২৯৭ বলের ইনিংসে ছিল ১৫টি চার ও ৩টি ছয়ের মার। তার পর ইনিংসটা এগিয়ে নেন অভিজ্ঞ বিরাট কোহলি। দীর্ঘদিন পর ৩০তম টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছেন। যা ছিল গত বছরের জুলাইয়ের পর প্রথম! লাঞ্চের আগেই ২০১ রানের ওপেনিং জুটি ভাঙে লোকেশ রাহুলের (৭৭) বিদায়ে। তার পর একে একে দেবদূত পাডিক্কাল (২৫), জয়সওয়াল (১৬১), ঋষভ পান্ত (১), ধ্রুব জুরেল (১) ও ওয়াশিংটন সুন্দরকে (২৯) তুলে নেয় অস্ট্রেলিয়া। কোহলি অবশ্য ১০০ রানে অপরাজিত ছিলেন। তার ১৪৩ বলের ইনিংসে ছিল ৮টি চার ও ২টি ছয়ের মার।

