১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

রিশাদের প্রশংসা করে যা বললেন সোদি

প্রতিদিনের ডেস্ক:
সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ দল। এবার টি-টোয়েন্টিতে কিউইদের মুখোমুখি হবে লিটন দাসরা। আসন্ন সিরিজ সামনে রেখে কিউই শিবিরে যোগ দিয়েছেন ইশ সোদি। প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়ানোর আগে আজ চট্টগ্রামে সংবাদ সম্মেলনে আসেন এই লেগ স্পিনার। কথা বলেছেন টাইগার স্পিনার রিশাদ হোসেনকে নিয়ে। সোদি বলেন, ‘রিশাদের সঙ্গে আমার কথা হয়েছে কয়েকবার। ক্রিকেট নিয়ে কথা হয়েছে এমন নয়। তবে সিরিজ চলাকালে আমাদের নানা কিছু নিয়েই কথা হয়েছে। সে কিভাবে খেলছে, এই কন্ডিশনে কিভাবে ভালো করতে হবে এসব নিয়ে ধারণা নিয়েছি। সে খুব মেধাবী বোলার। দিনকে দিন ভালো করছে। আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্যারিয়ারে দারুণ এক সূচনা পেয়েছে।
তিনি আরো বলেন, ‘সে খুব খুব ভালো করছে। সে অস্ট্রেলিয়ায় অনেক ভালো বল করেছে বিগ ব্যাশে। সে বৈচিত্র্যময় লেগ স্পিনার। সাধারণত এশিয়ান লেগ স্পিনাররা লো অ্যান্ড স্কিডি থাকে। তবে সে ট্র্যাডিশনাল।অনেক বাউন্স আদায় করে নিতে পারে। সে এমন একজন বোলার যে ধরনের বোলার এই অঞ্চল থেকে দীর্ঘদিন আমরা দেখিনি। সে দারুণ এক সম্ভাবনাময় খেলোয়াড়। দারুণ উজ্জ্বল ভবিষ্যৎ।’
বাংলাদেশে আসা নিয়ে সোদি বলেন, ‘বাংলাদেশে যখন প্রথম এসেছিলাম ২০১৩ সালে। পুরো ভিন্ন দল ছিল। এখন অনেকেই নতুন এসেছে। বাংলাদেশ এখন আরো শক্তিশালী হয়ে উঠেছে। তবে ২০১৩ সালের দলের কেউই এখন নেই। তাই ভালো চ্যালেঞ্জ হতে যাচ্ছে। অনেকে হয়তো দলে আছে যারা আন্তর্জাতিক ক্রিকেট এখনো খেলেনি। তবে এটাই খেলাধুলার সৌন্দর্য। পরিবর্তন হতে থাকবেই। বাংলাদেশ এই কন্ডিশনে সবসময় চ্যালেঞ্জিং দল। আমরা এই চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছি।’
টাইগার পেসার অ্যাটাক সম্পর্কে সোদি বলেন, ‘মুস্তাফিজ ও নাহিদ গত সিরিজে যেভাবে বল করল… তারা ভিন্ন ধরনের চ্যালেঞ্জ। তবে এটা নতুন দল, নতুন চ্যালেঞ্জ। মুস্তাফিজের বিরুদ্ধে আগে খেলা হয়েছে তাই পুরোনো বোলারদের ব্যাপারে কৌশল সাজানো যায়। কিন্তু এখন তো পুরো নতুন অ্যাটাক।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়