১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ছবি-ভিডিও পুনরায় শেয়ার করতে থ্রেডসের নতুন ফিচার

প্রতিদিনের ডেস্ক॥
ইনস্টাগ্রামের থ্রেডস প্লাটফর্মে ছবি ও ভিডিও পুনঃশেয়ারের জন্য নতুন ফিচার চালু করা হয়েছে।ইনস্টাগ্রামের থ্রেডস প্লাটফর্মে ছবি ও ভিডিও পুনঃশেয়ারের জন্য নতুন ফিচার চালু করা হয়েছে। এ ফিচারের মাধ্যমে এখন থেকে ব্যবহারকারীরা ‘ইউজ মিডিয়া’ অপশন ক্লিক করে যেকোনো ছবি বা ভিডিও সরাসরি পোস্ট করতে পারবেন। এতে তারা নিজেদের মতো করে টেক্সটও যোগ করতে পারবেন। তবে মূল পোস্ট দেয়া ব্যক্তির ক্রেডিট থাকবে ছবি ও ভিডিওর ওপরে। খবর টেকক্রাঞ্চ।
মেটা-মালিকানাধীন ইনস্টাগ্রাম ও থ্রেডসের প্রধান অ্যাডাম মোসেরি গত বুধবার থ্রেডসে এ ফিচার ঘোষণা করেন। তিনি বলেন, ‘এটি দ্রুত ও সহজে ব্যবহারকারীদের সৃজনশীল চিন্তা শেয়ারের সুযোগ করে দেবে।’ এছাড়া থ্রেডস অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, মূল পোস্ট দেয়া ব্যবহারকারীর নাম ছবির ওপর বাম দিকে দেখা যাবে।‘ইউজ মিডিয়া’ ফিচারটি চালু করতে ব্যবহারকারীরা থ্রেডসে প্রকাশিত যেকোনো মিডিয়ার ওপর লং প্রেস অথবা রিপোস্ট বাটনে ট্যাপ করতে পারেন। এরপর পপ-আপ উইন্ডোয় রিপোস্ট এবং কোট অপশনের সঙ্গে নতুন ‘ইউজ মিডিয়া’ অপশনটি দেখা যাবে।
মোসেরি আরো জানিয়েছেন, এটি ধীরে ধীরে থ্রেডস ব্যবহারকারীদের জন্য চালু করা হচ্ছে। যদিও এটি পরীক্ষামূলক ফিচার নয়। তবে ব্যবহারকারীদের মতামত নেয়া হবে। তবে কয়েকজন কনটেন্ট নির্মাতা মোসেরির পোস্টে কমেন্ট করে জানিয়েছেন, তারা চান না তাদের ছবি-ভিডিও অন্য কেউ এভাবে শেয়ার করুক। তাদের মতে, এতে অন্যরা বিনা পরিশ্রমে তাদের কাজ ব্যবহার করে জনপ্রিয়তা পেতে পারে।
এ বিষয়ে থ্রেডস অ্যাকাউন্ট থেকে জানানো হয় ব্যবহারকারীরা অ্যাপের সেটিংস থেকে মিডিয়া রিইউজ বন্ধ করতে পারবেন। এছাড়া কোট পোস্ট কন্ট্রোল ব্যবহার করে কে কী শেয়ার করতে পারে, সেটাও নিয়ন্ত্রণ করা যাবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়