১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

রামিসা হত্যা মামলা : দ্রুত নিষ্পত্তি ও শাস্তি কাম্য

রাজধানীর পল্লবীতে আট বছরের অবুঝ শিশু রামিসার ওপর যে পাশবিক ও বিকৃত যৌন হিংস্রতা চালানো হয়েছে এবং যেভাবে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার লোমহর্ষক চিত্র ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জমা দেওয়া চার্জশিটে ফুটে উঠেছে। নেশাগ্রস্ত ও বিকৃত মানসিকতাসম্পন্ন এক নরপিশাচের লালসার শিকার হয়ে একটি কোমলমতি শিশুর এমন মর্মান্তিক পরিণতি দেশের প্রত্যেক বিবেকবান মানুষকে গভীরভাবে নাড়া দিয়েছে, ক্ষুব্ধ করেছে। তবে এই পৈশাচিক অন্ধকারের মধ্যেও আশার আলো দেখিয়েছে পুলিশ প্রশাসনের তৎপরতা। হত্যাকাণ্ডের মাত্র পাঁচ দিনের মাথায় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে চার্জশিট দাখিল করা এবং আজ ১ জুন অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য হওয়া নিঃসন্দেহে একটি ইতিবাচক ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ। বলা বাহুল্য, প্রধানমন্ত্রী তারেক রহমান স্বয়ং রামিসার পরিবারকে দ্রুত বিচার সম্পন্ন করার যে আশ্বাস দিয়েছিলেন, পুলিশের এই দ্রুততম চার্জশিট দাখিল তারই প্রতিফলন। রোববারের এই আইনি অগ্রগতি প্রমাণ করে, রাষ্ট্র ও প্রশাসনের সদিচ্ছা থাকলে আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা ভেঙে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব। তবে মনে রাখা দরকার, কেবল দ্রুত চার্জশিট দাখিল বা অভিযোগ গঠনই যথেষ্ট নয়; মূল লক্ষ্য হতে হবে এই মামলার বিচার প্রক্রিয়াকে দ্রুততম সময়ে সম্পন্ন করে রায় ঘোষণা এবং তা অবিলম্বে কার্যকর করা। বাংলাদেশে এর আগেও বহু লোমহর্ষক শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে, যা নিয়ে সমাজে তোলপাড় হলেও পরবর্তী সময়ে দীর্ঘ আইনি প্রক্রিয়ার গোলকধাঁধায় পড়ে অপরাধীদের শাস্তি ঝুলে গেছে। এখন থেকে যেন সেই চেনা ইতিহাসের পুনরাবৃত্তি না ঘটে, তা নিশ্চিত করা জরুরি। আমরা মনে করি, একটি আধুনিক ও কল্যাণমুখী রাষ্ট্রে বিচারহীনতার সংস্কৃতি দূর করার সবচেয়ে কার্যকর উপায় হলো অপরাধের দ্রুত ও দৃশ্যমান শাস্তি। রামিসার মতো অবুঝ শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিকৃত মানসিকতার অপরাধীদের মনে ভীতি সঞ্চার করতে এই মামলার রায় ও তার বাস্তবায়নকে একটি ঐতিহাসিক দৃষ্টান্ত হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে। এ ধরনের প্রতিটি অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করে সমাজকে এই বার্তা দেওয়া হোক যে, এমন অপরাধের পরিণাম কতটা ভয়াবহ হতে পারে। রাষ্ট্র তার ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় যথাযথ পদক্ষেপ নেবে-এটাই প্রত্যাশা।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়