উৎপল মণ্ডল, শামনগর
মায়ের দেওয়া কীটনাশক খেয়ে আরিয়ান আবরার ও মাহির আবারার নামে ছয় মাস ও চার বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে।২৯ জানুয়ারী(বুধবার) দুপুর দেড়টার দিকে শ্যামনগর উপজেলার পাশর্বর্তী কালিকাপুর গ্রামে ঘটনাটি ঘটে। একই সময়ে কীটনাশক পান করা রত্না বেগম(২৮)কে সংকটাপন্ন অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা যথাক্রমে শ্যামনগরের পশর্বর্তী কালিকাপুর গ্রামের শেখ আব্দুল আজিজ শেখের ছেলে মাহামুদুল হাসানের স্ত্রী ও পুত্র। নিহত শিশুদের চাচা আরিফুল ইসলাম জানান, বুধবার দুপুরের দিকে দুই সন্তানকে নিয়ে ঘরের মধ্যে অবস্থান করছিলেন রত্না বেগম। একপর্যায়ে কীটনাশকের গন্ধ পেয়ে ভিতর থেকে আটকানো দরজা খুলতে বলেন পরিবারের সদস্যরা। তবে দীর্ঘক্ষন কোন সাড়া না পেয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ঘুমানোর খাটের উপর আরিয়ান ও মাহিরসহ তাদের মাকে সঙ্গাহীন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দ্রুত সবাইকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসকরা আরিয়ান ও মাহিরকে মৃত ঘোষনা করেন। আরিফুল ইসলাম জানান, সম্ভবত স্বামী-স্ত্রী’র মধ্যে মনোমালিন্যের জেরে দুই সন্তানকে কীটনাশক খাওয়ানো হতে পারে। ঘটনার পর দুই সন্তানকে হারিয়ে তার ভাই পাগলের মত আচারণ করছে। আম গাছে স্প্রে করার জন্য ঘরে থাকা কীটনাশক দুই সন্তানকে খাওয়ানোর পর রত্না নিজেও তা পান করেন বলে ধারনা করা হচ্ছে। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান জানান দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের মাকে সাতক্ষীরা রেফারড করা হয়েছে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর জানান ঘটনাটি কালিগঞ্জ থানা এলাকার। বিষয়টি তারা দেখছেন। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
