সোহেল আহমেদ, কালীগঞ্জ
ঝিনাইদহের কালীগঞ্জে মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ ছুটি না নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখেই গেলেন বনভোজনে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় এ বনভোজনের আয়োজক বলে জানা গেছে। কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড থেকে রাত আটটায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কয়েকজন কর্মকর্তা এবং মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ ২টি বাস যোগে কলাগাছি, নীলডুমুর, মুন্সিগঞ্জ, শ্যামনগর এবং সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা করেন। শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখেই সরকারি বিধিকে উপেক্ষা করে একসাথে উপজেলার মাদ্রাসা ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের বেশিরভাগ প্রধানগণের শিক্ষা সফরে যাওয়া নিয়ে এলাকায় সমালোচনার ঝড় উঠেছে। সরেজমিনে বেলা ১১ টায় উপজেলা মাধ্যমিক অফিসে গিয়ে দেখা যায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীনেশ চন্দ্র পাল (অতিরিক্ত দায়িত্ব) এবং একাডেমিক সুপারভাইজার আব্দুল আলীমের অফিস কক্ষ খোলা থাকলেও তারা অবস্থান করছেন বনভোজন। এ সময় মুঠোফোনে তার সাথে কথা বললে তিনি জানান, উপজেলা মাধ্যমিক অফিসের দাওয়াতে তিনি বনভোজন অবস্থান করছেন। শিক্ষা সফরে অংশগ্রহণকারী উপজেলার মান্দারবাড়িয়ার চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান কামালের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সাথে শিক্ষা সফরে বর্তমানে আমরা সুন্দরবনে অবস্থান করছি। এখানে আমরা সর্বমোট ৫৬ জন এসেছি। প্রতিষ্ঠান খোলা রেখে ছুটি নিয়ে শিক্ষা সফরে গিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট থেকে ছুটি নিয়েই আমরা শিক্ষা সফরে এসেছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীনেশ চন্দ্র পালের (অতিরিক্ত দায়িত্ব) সাথে এ ব্যাপারে কথা বলতে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগ করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম এ ব্যাপারে বলেন, মাধ্যমিক এবং মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানণের কেউই শিক্ষা সফরের ব্যাপারে আমাকে কিছু জানায়নি; এমনকি আমার কাছ থেকে কেউ ছুটিও নেননি। স্কুল খোলা রেখে লিখিত আবেদনের মাধ্যমে ছুটি ব্যাতিত প্রতিষ্ঠান প্রধানগণের শিক্ষা সফরে যাওয়ার কোনো সুযোগ নেই। ঝিনাইদহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী (শিক্ষা ও আইসিটি) বলেন, ছুটি না নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রেখে প্রতিষ্ঠান প্রানদের এভাবে শিক্ষা সফরে যাওয়ার কোনো নিয়ম নেই। আমি এখনই কালীগঞ্জে যাচ্ছি। অনিয়মের সত্যতা মিললে নেওয়া হবে ব্যবস্থা

