প্রতিদিনের ডেস্ক॥
দুজনই পারফরম্যান্স করলেন। কিন্তু ফল ভিন্ন ভিন্ন পেলেন নাজমুল হোসেন শান্ত ও তাসকিন আহমেদ। তাসকিনের আনন্দের বিপরীতে দুঃসংবাদ শুনেছেন শান্ত। তাসকিনের ক্যারিয়ারসেরা র্যাংকিংয়ের দিনে পিছিয়ে পড়েছেন বাংলাদেশের অধিনায়ক। সব ধরনের ক্রিকেট মিলিয়ে অনেক দিন ধরেই ‘শান্ত’ ছিল শান্তর ব্যাট। এতটাই যে অধিকাংশ সময় বিপিএলের চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশালের বেঞ্চ গরম করতে হয়েছে তাকে। জাতীয় দলের হয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে নেমেও ভারতের বিপক্ষে রান পাননি তিনি। অবশেষে রাওয়ালপিন্ডিতে যখন ৭৭ রান করলেন তখন নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে দুঃসংবাদের সাক্ষী হলেন।
টানা দুই ম্যাচ হেরে চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিশ্চিত হয়েছে তার দলের।১১০ বলের ইনিংসে আজ র্যাংকিংয়েও পিছিয়ে পড়েছেন শান্ত। ২ ধাপ পিছিয়ে এখন ২৭ নম্বরে আছেন বাঁহাতি ব্যাটার। অবনতি হয়েছে বাংলাদেশের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও মাহমুদ উল্লাহ রিয়াদের। ৯ ধাপ পিছিয়ে ৪২ নম্বরে জায়গা পাওয়া মুশফিকের পরের স্থানে আছেন ৭ ধাপ পেছানো মাহমুদ উল্লাহ। তবে ভারতের বিপক্ষে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করা তাওহিদ হৃদয় ১৮ ধাপ এগিয়েছেন। ৬৪ নম্বরে আছেন বাংলাদেশি ব্যাটার পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরির পুরস্কার পেয়েছেন বিরাট কোহলিও। কাঁটায় কাঁটায় ১০০ করা ইনিংসে এক ধাপ এগিয়ে পাঁচে জায়গা পেয়েছেন ভারতীয় কিংবদন্তি। ওয়ানডেতে ৫১তম সেঞ্চুরি করা কোহলিকে জায়গা দিতে নিচে নেমে গেছেন নিউজিল্যান্ডের ব্যাটার ড্যারিল মিচেল। এ ছাড়ার সেঞ্চুরির পুরস্কার পেয়েছেন উইল ইয়াং (১৪ নম্বর), রাচিন রবীন্দ্র (২৪ নম্বর), টম লাথাম (৩০ নম্বর) ও জশ ইংলিসও (৮১ নম্বর)। ব্যাটারদের র্যাংকিংয়ে শীর্ষ চারে আর কোনো পরিবর্তন নেই। উল্টো বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে নিজের শীর্ষস্থান আরো সুসংহত করেছেন ভারতীয় ব্যাটার শুবমান গিল।বোলারদের র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অর্জন তাসকিনের। ২ ম্যাচে ২ উইকেট নিয়ে ছয় ধাপ এগিয়েছেন বাংলাদেশি পেসার। ৩০ নম্বরে আছেন ২৯ বছর বয়সী পেসার। ২০২২ সালে ৩৩ নম্বর উঠেছিলেন তিনি। ৩০ নম্বরে তাসকিনের সঙ্গী হয়েছেন মেহেদী হাসান মিরাজও। ছন্দ হারানো অফস্পিনার ৪ ধাপ পিছিয়েছেন। শীর্ষ তিনে কোনো পরিবর্তন নেই। শীর্ষে আছেন শ্রীলঙ্কার অফস্পিনার মহীশ তিকশানা। অন্যদিকে অলরাউন্ডারের শীর্ষ দশে কোনো পরিবর্তন নেই। চূড়া ধরে রেখেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী।

