প্রতিদিনের ডেস্ক:
আগামীকাল শুরু ফুটবল বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের যৌথ আয়োজক আমেরিকা, কানাডা ও মেক্সিকো। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা করছে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে।পুরো পৃথিবী এখন বিশ্বকাপ উন্মদনায় ভাসছে। প্রিয় দলের পতাকায় ছেয়ে গেছে রাস্তার অলি-গলি, অফিস আদালত। বাংলাদেশে আর্জেন্টিনা, ব্রাজিলের সমর্থক তুলনামূলক বেশি। তবে জার্মানি, স্পেন এবং পর্তুগালসহ আরও অনেক দেশের সমর্থকও এদেশে রয়েছে। বিশ্বকাপের ফাইনালের আগে হলফ করে বলা মুশকিল কে চ্যাম্পিয়ন হবে! তারপরও বিশ্বের জনপ্রিয় এই ক্রীড়া উৎসব মাঠে গড়ানোর আগেই সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে ভবিষ্যদ্বাণী করছেন অনেকে। বিশ্বকাপ কোন দল জিততে পারে তা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন এক গণিতবিদ।
জার্মানির গণিত বিশেষজ্ঞ জোয়াকিম ক্লেমেন্ট ভবিষ্যদ্বাণী করেছেন এমন একটি দেশ নিয়ে যারা আগে কখনো ফুটবল বিশ্বকাপ ছুঁয়েও দেখেনি। অবশ্য তিনবার বিশ্বকাপ জেতার সুযোগ পেয়েও ব্যর্থ হয়।
গণিতবিদ ক্লেমেন্ট বিশ্বকাপের শেষ তিন আসরেও (২০১৪, ২০১৮ এবং ২০২২) ভবিষ্যদ্বাণী করেছিলেন। প্রতিবারই তার ভবিষ্যদ্বাণী মিলে যায়। তাই এবারও তার ভবিষ্যদ্বাণীর গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
ক্লেমেন্টের মতে, এবার বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ডস। লিভারপুলের তারকা ফুটবলার ভার্জিল ভ্যান ডাইকের নেতৃত্বাধীন এই দেশই নাকি এবার শিরোপা পাবে। ক্লেমেন্টের মতে, সেমিফাইনালে স্পেনকে হারিয়ে নেদারল্যান্ডস ফাইনালে পৌঁছাবে। অন্যদিকে পর্তুগাল হারাবে ইংল্যান্ডকে।
এবং নেদারল্যান্ডসের মধ্যে হবে সেরা হওয়ার লড়াই, যাতে রোনালদোর দেশকে হারিয়ে জিতে যাবে ডাচরা।
প্রসঙ্গত, ২০১৪ সালের আগে দক্ষিণ আমেরিকার মাটিতে কোনো ইউরোপীয় দল বিশ্বকাপ জিততে পারেনি। অথচ সেই আসরে ক্লেমেন্ট ভবিষ্যদ্বাণী করেন জার্মানিকে নিয়ে। তার সেই ভবিষ্যদ্বাণী সঠিক প্রমাণিত হয়। চতুর্থবারের জন্য বিশ্বকাপ জিতে নেয় ক্লেমেন্টের নিজের দেশ জার্মানি।
এরপর ২০১৮ এবং ২০২২ সালে ক্লেমেন্ট যে ভবিষ্যদ্বাণী করেন; তা অক্ষরে অক্ষরে মিলে যায়। ২০১৮ সালে ফ্রান্স আর ২০২২ সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতে। যে কারণে বিশ্বকাপের এবারের আসরেও ক্লেমেন্টের ভবিষ্যদ্বাণী গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

