প্রতিদিনের ডেস্ক
নরওয়ের শ্ভালবার্ড দ্বীপপুঞ্জে অবস্থিত ডুমস ডে ভল্ট বা বিশ্ব বীজ ভাণ্ডার আমাদের ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এটি একটি বিশেষ স্থান, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের ফসলের বীজ সংরক্ষণ করা হয়, যাতে কোনো প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তন বা যুদ্ধের কারণে কৃষি ব্যবস্থা ধ্বংস হয়ে গেলেও ভবিষ্যতে তা পুনরুদ্ধার করা সম্ভব হয়। ডুমস ডে ভল্ট মূলত একটি বিশেষ গুদাম, যা বরফাচ্ছন্ন পাহাড়ের ভেতরে তৈরি করা হয়েছে। এখানে তাপমাত্রা সবসময় -১৮ ডিগ্রি সেলসিয়াস রাখা হয়, যাতে বীজগুলো দীর্ঘদিন ভালো থাকে। বিভিন্ন দেশ থেকে সংগৃহীত ফসলের বীজ এখানে পাঠানো হয় এবং নিরাপদে সংরক্ষণ করা হয়।
বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন, ভূমিকম্প, বন্যা বা যুদ্ধের কারণে কৃষি উৎপাদন হুমকির মুখে পড়তে পারে। যদি কোনো দেশ তার গুরুত্বপূর্ণ ফসলের জাত হারিয়ে ফেলে, তবে তারা ডুমস ডে ভল্ট থেকে সেই বীজ সংগ্রহ করে পুনরায় কৃষিকাজ শুরু করতে পারবে। এটি একপ্রকার “বীমা পরিকল্পনা”, যা মানবজাতির ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে। বর্তমানে ডুমস ডে ভল্টে প্রায় ১০ লাখের বেশি বীজ নমুনা সংরক্ষিত রয়েছে, যা বিশ্বের প্রায় সব দেশের কৃষি বৈচিত্র্যকে রক্ষা করছে।

