২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

জর্দানে মার্কিন বিমানঘাঁটিতে হামলা ও যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের

প্রতিদিনের ডেস্ক:
ইরানের ওপর মার্কিন হামলার জবাবে ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি) জর্দানে অবস্থিত মার্কিন এফ-৩৫, এফ-১৫ এবং এফ-১৬ যুদ্ধবিমানের একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে। ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি) বৃহস্পতিবার এ দাবি করেছে।এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, তাদের অ্যারোস্পেস ফোর্স আল-আজরাক বিমানঘাঁটি এবং মার্কিন সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে বর্ণিত স্থানগুলোতে ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।বিবৃতিতে দাবি করা হয়েছে, এই হামলায় ঘাঁটির স্থাপনাগুলোর পাশাপাশি সেখানে মোতায়েন থাকা বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস হয়ে গেছে।
আইআরজিসি বলেছে, তেহরানের পশ্চিমে কারাজ ও নাজারাবাদের নিকটবর্তী একটি বিনোদন কেন্দ্র, একটি শিল্প কমপ্লেক্স ও বিভিন্ন এলাকা এবং পিশভা কাউন্টিতে অবস্থিত একটি স্থানীয় বিপ্লবী রক্ষীবাহিনীর ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে। তারা আরো বলেছে, যতক্ষণ পর্যন্ত ‘শত্রু আগ্রাসন’ অব্যাহত থাকবে, ততক্ষণ তাদের বাহিনীর অভিযান চলবে।
এর আগে আইআরজিসি জানায়, কুয়েতের আলি আল সালেম ও আহমদ আল জাবের ঘাঁটি এবং বাহরাইনের শেখ ইসা ঘাঁটিতে অবস্থিত ১৮টি প্রধান মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।
অন্যদিকে ইরানের সামরিক বাহিনীর বিবৃতিতে বাহরাইনে প্যাট্রিয়ট সিস্টেম, যোগাযোগব্যবস্থা এবং মার্কিন পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে হামলার কথাও ঘোষণা করা হয়। দক্ষিণ ইরানে মার্কিন হামলা এবং এর ফলস্বরূপ অঞ্চলজুড়ে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ইরানের হামলার পর দ্রুত বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই এই ঘটনাগুলো ঘটল।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়