৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

চাঁদাবাজির প্রতিবাদ করায় ব্যবসায়ী জুয়েল অপহরণ, মামলা নেয়নি থানা, আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক
চাঁদাবাজদের প্রভাবের কারণে ব্যবসায়ী ও ঠিকাদার ফরমান পাটোয়ারী জুয়েল অপহরণের ঘটনায় মামলা নিতে অস্বীকৃতি জানিয়েছে থানা পুলিশ। ঘটনার সাত দিন পর, শেষ পর্যন্ত ভুক্তভোগীর পিতা লোকমান পাটোয়ারী আদালতের দ্বারস্থ হয়ে ছয়জনের বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে মামলা করেছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল), সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত আলী মামলাটি গ্রহণ করে তদন্তপূর্বক প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি)। বাদী লোকমান হোসেন পাটোয়ারী সদর উপজেলার নুরপুর গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা। মামলার আসামিরা হলেন—একই গ্রামের জাফর আলীর দুই ছেলে কালু ও জয়, মৃত আবু তালেবের ছেলে রফিক ও শফিক, শুকুর আলীর ছেলে রকি এবং মৃত আব্দুল মোতালেবের ছেলে মনিরুজ্জামান।
মামলার এজাহারে বলা হয়, ঠিকাদার জুয়েল সেনা ও বিমান বাহিনীর কিছু পণ্যের সরবরাহ ব্যবসার সঙ্গে যুক্ত। দীর্ঘদিন ধরে আসামিরা তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। দাবি মেনে না নেওয়ায় তারা তাকে হত্যার পরিকল্পনা করে। গত ১০ এপ্রিল সকাল ১১টার দিকে, জুয়েল স্থানীয় কহিনুরের চায়ের দোকানে অবস্থান করছিলেন। এ সময় আসামিরা সেখানে এসে আবারও পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। রাজি না হওয়ায় তারা তাকে মারধর করে এবং জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এরপর গ্রামের মোস্তফার দোকানের সামনে পুনরায় মারধরের ঘটনা ঘটে। খবর পেয়ে জুয়েলের ভাই ওমর ফারুক মন্টু থানা পুলিশকে অবহিত করলে, পুলিশ এসে জুয়েলকে আসামিদের কাছ থেকে উদ্ধার করে।
তবে থানায় মামলা করতে গেলে পুলিশ অনীহা প্রকাশ করে। বাদীর অভিযোগ, প্রভাবশালী আসামিদের চাপে পড়ে পুলিশ মামলা নেয়নি। ফলে বাধ্য হয়ে তিনি আদালতে মামলা দায়ের করেছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়