যশোর শহরে বিদ্যুতের খুঁটিতে আগুন,ফাইবার পুড়ে অর্ধলাখ গ্রাহকের ডিস-নেট সংযোগ বিছিন্ন

নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের এমকে রোডে একটি বিদ্যুতের খুঁটিতে আগুন লেগে বেশ ক্ষয়-ক্ষতি হয়েছে। বিশেষ করে ডিস ও ওয়াইফাই লাইনের ফাইবার পুড়ে ছাই হয়ে গেছে। এরফলে ক্যান্টমেন্ট ও বিমানবন্দরসহ শহর এবং শহরতলীর অন্তত ৩০ থেকে ৫০ হাজার গ্রাহকের ডিস ও ওয়াইফাই সংযোগ বিছিন্ন হয়ে গেছে। বিদ্যুৎ অফিস আগুনের খবরে দ্রুত সংযোগ বিছিন্ন করায় এবং যশোর ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর কারণে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বড় ধরণের ক্ষয়- ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানে আতঙ্ক বিরাজ করছিল। এ সময় সেখানে উৎসুক জনতার ভীড় দেখা যায়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় সেই আতঙ্ক কেটে যায়। যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান-দ্রুতই তারা আগুন নেভাতে সমর্থ হন। যেকারণে ব্যবসা-প্রতিষ্ঠান আগুনের ক্ষয়-ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। আজ রোববার (২৭ এপ্রিল) রাত ৮টার পরপরই বিদ্যুতের খুঁটিতে আগুন জ্বলতে দেখা যায়। এমকে রোডের সন্ধ্যানী সুপার মার্কেটের সামনে বিদ্যুতের খুঁটিতে আগুন লাগে। এই আগুনে আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি না হলেও বিদ্যুৎ, ডিস ও ওয়াই-ফাই লাইনের তার এবং ফাইবার পুড়ে গেছে। ওয়াইফাই কোম্পানি অরবিটের যশোর অফিসের সহকারী এ্যাডমিন তিলক পাল জানান-ফাইবার পুড়ে যাওয়ার কারণে অন্তত ১০ হাজার গ্রাহকের নেট সংযোগ বিছিন্ন হয়েছে। এরবাইরে অন্যান্য নেট ব্যবসায়ীদের অন্তত ৩০ থেকে ৪০ হাজার গ্রাহকের সংযোগ বিছিন্ন হয়ে থাকতে পারে। তিনি বলেন-অরবিট কোম্পানির গ্রাহকদের সংযোগ দ্রুত সচল করতে কাজ শুরু করা হয়েছে। কিছু সময়ের মধ্যে সংযোগ স্বাভাবিক হতে পারে বলে আশা করছি। খোঁজ নিয়ে অন্যসব নেট ও ডিস ব্যবসায়ীদের কাছ থেকে একই ধরণের তথ্য পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত সংযোগ সচলে স্ব স্ব কোম্পানির লোকজন মাঠে নেমে পড়েছেন। কোতয়ালি থানা পুলিশ জানায়-আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে ফোর্স পাঠানো হয়। খুব কম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। যেকারণে বড় ধরণের ক্ষয়-ক্ষতি যেমন হয়নি, তেমনি হতাহতের ঘটনাও ঘটেনি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়