নিজস্ব প্রতিবেদক
তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা এবং সমসাময়িক বিভিন্ন ইস্যুতে জনমত গঠনের লক্ষ্যে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল দেশব্যাপী বিভাগীয় সেমিনার ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। মে মাসজুড়ে দেশের আটটি বিভাগে ধারাবাহিকভাবে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগে ৯ ও ১০ মে প্রথম সেমিনার ও সমাবেশ হবে। এসব সেমিনারে কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন বিষয়ক আলোচনা হবে। পরবর্তী ধাপে, খুলনা ও বরিশাল বিভাগে ১৬ ও ১৭ মে শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে সেমিনার আয়োজন করা হবে। রাজশাহী ও রংপুর বিভাগে ২৩ ও ২৪ মে কৃষি উন্নয়ন ও পরিবেশ রক্ষার ওপর বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে। মাসের শেষভাগে, ২৭ ও ২৮ মে ঢাকা, ফরিদপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।প্রতিটি সেমিনারের পরদিন ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ অনুষ্ঠিত হবে, যেখানে অংশগ্রহণকারীরা রাজনৈতিক অধিকার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মত প্রকাশ করবেন। আয়োজক সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, এসব কর্মসূচির মাধ্যমে দেশের তরুণ প্রজন্মের উন্নয়ন, অধিকারের দাবি এবং সমসাময়িক জাতীয় ইস্যুতে তাদের ভূমিকা নিয়ে সচেতনতা বাড়ানো হবে।

