রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়ায় নিরাপদ সড়ক নিশ্চিতকল্পে সড়কে অবৈধ যান চলাচল বন্ধ এবং অপ্রাপ্ত বয়সে মোটর সাইকেল চালানো বন্ধে গণসচেতনতা কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে লোহাগড়া উপজেলা পরিষদের গেটের সামনে ঢাকা-বেনাপোল মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ, সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র,লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান, পুলিশ পরিদর্শক (ট্রাফিক বিভাগ) ফারুক আল মামুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূইয়া, লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান, স্কাউট লিডার কাজী কামরুল হুদা,হান্নান বিশ্বাস, শাহিনুর রহমান টিটো,গনমাধ্যম কর্মী, স্কাউটবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন। এ সময় মহাসড়কে চলাচলকারী ভ্যান,মোটর সাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন চালকদের গাড়ীর গতি নিয়ন্ত্রন,হেলমেট ব্যবহার,গাড়ীর লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স,সড়ক আইন মেনে চলা এবং সড়কে অবৈধ যান চলাচলের ব্যপারে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়। কর্মসূচী পালনকালে বেপরোয়াভাবে যানবাহন চলাচলের কারনে ৬টি মোটর সাইকেল, ২টি ব্যাটারী চালিত ভ্যানগাড়ী ,বালু ভর্তি লাটাই গাড়ী আটক করে ৯টি মামলা দিয়ে ৪ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়। কর্মসূচী শেষে উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদ এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিকভাবে সকলকে অবহিতকরন ও সচেতন হওয়ার আহবান জানান।

