১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জ পুলিশের মিথ্যা মামলায় গ্রেফতার-হয়রানির প্রতিবাদে মানববন্ধন

সোহেল আহমেদ, কালিগঞ্জ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাকুলিয়া গ্রামে সাদা পোশাকে পুলিশের অভিযানে সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগ এবং নিরীহ ব্যক্তিদের নামে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন কর্মস‚চি পালিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টা থেকে এক ঘণ্টাব্যাপী ঝিনাইদহ-যশোর মহাসড়কের খয়েরতলা এলাকায় বাকুলিয়া ও খয়েরতলা গ্রামের শতাধিক নারী-পুরুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, যশোর কোতোয়ালি থানা থেকে এএসআই তাপস কুমার পাল, কনস্টেবল রাবেয়া খাতুন ও ফারজানা খাতুন সাদা পোশাকে এসে পুলেরহাট এলাকার এক কিশোরীকে উদ্ধারের উদ্দেশ্যে বাকুলিয়া গ্রামে যান। অভিযানে গিয়ে তারা প্রথমে স্থানীয় এক যুবকের ঘরে প্রবেশ করে তাকে মারধর করেন এবং কিশোরীকে জোর পর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় প্রতিবাদ করলে কয়েকজন গ্রামবাসীকেও মারধর করা হয়। এ ঘটনায় পুলিশ ও স্থানীয় কয়েকজন আহত হন। তবে গ্রামবাসীর অভিযোগ, অভিযানে অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা পরিচয় না দিয়ে এবং ইউনিফর্ম ছাড়াই গ্রামে প্রবেশ করেন, যা জনমনে বিভ্রান্তি ও উত্তেজনার সৃষ্টি করে। পরবর্তীতে পুলিশ সদস্য শওকত হোসেন বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭০ জনকে আসামি করে স্থানীয় কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ইতোমধ্যে গ্রাম থেকে ৪ জনকে আটক করা হয়েছে বলেও অভিযোগ করেন বক্তারা। গ্রামবাসী অভিযোগ করেন, নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে এবং প্রকৃত ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। মানববন্ধনে তারা অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ও উপযুক্ত শাস্তির দাবি জানান। এদিকে পুলিশ আটক থেকে বাঁচতে কৃষকের ইরি-বোরোর ভরা মৌসুমে ক্ষেত খামারের কাজ ফেলে কৃষকেরা পালিয়ে বেড়াচ্ছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়