নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের বেজপাড়া তালতলায় পারিবারিক কলহের জেরে ছেলের ইটের আঘাতে গুরুতর আহত হয়েছেন এক মা। সোমবার (১৭ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত মায়ের নাম মনি বেগম। তিনি বেজপাড়া তালতলার আছাদুল ইসলাম বাবলুর স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, পারিবারিক বিষয় নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে ছেলে আব্দুল্লাহ আল মামুন ক্ষিপ্ত হয়ে মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করে। এতে মনি বেগম রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের অন্যান্য সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানিয়েছে। স্থানীয়রা বলছেন, পারিবারিক সমস্যা যেভাবে সহিংসতায় রূপ নিচ্ছে, তা সমাজে উদ্বেগজনক বার্তা দিচ্ছে। যশোর কোতোয়ালি থানার একজন কর্মকর্তা জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

