নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার চুড়ামনকাটি রেলস্টেশন এলাকায় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় শাহরিয়ার ইসলাম সজল (১১) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। সোমবার (২৩ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সজল খুলনার কয়রা উপজেলার ঘোলখালী গ্রামের গার্মেন্টস শ্রমিক আল-আমিন ও রাবেয়া খাতুন দম্পতির একমাত্র সন্তান। সে যশোরের ছাতিয়ানতলা পশ্চিমপাড়ায় অবস্থিত আব্দুল আজিজ হাফেজিয়া মাদ্রাসার হিফজ বিভাগে অধ্যয়নরত ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে লজিং বাড়ি থেকে খাবার খেয়ে মাদ্রাসায় ফেরার পথে মহিউদ্দিনের বাড়ির সামনে পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত সজলকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মাদ্রাসার শিক্ষক হাফেজ হুসাইন জানান, “সজল ছিল অত্যন্ত ভদ্র, নম্র ও মনোযোগী ছাত্র। কোরআনের হাফেজ হওয়ার দৃঢ় মনোভাব ছিল তার মধ্যে। পিতা-মাতা আশায় বুক বেঁধেছিলেন, একদিন সজল হাফেজ ও আলেম হয়ে ফিরবে। সেই স্বপ্ন আজ নিস্তব্ধ হয়ে গেছে।” স্থানীয়রা জানান, দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি নাটুয়াপাড়ার ভাই ভাই ইটভাটার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ ঘাতক ট্রাক ও চালককে শনাক্তের চেষ্টা চলছে।” এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানানো হয়।
