নিজস্ব প্রতিবেদক
যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবায় অবহেলার অভিযোগে এক নারী রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার পর করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসার অভাবে মারা যান যশোরের চুরামনকাটি এলাকার জাহানারা বেগম। তার পরিবার দাবি করেছে, হাসপাতালের ওয়ার্ডবয় রেজওয়ানের গাফিলতির কারণেই এ মৃত্যু হয়েছে। স্বজনরা জানান, জাহানারাকে হৃদরোগজনিত সমস্যায় হাসপাতালে আনার পর দীর্ঘ প্রক্রিয়া শেষে করোনারি কেয়ার ইউনিটে নেওয়া হয়। কিন্তু অক্সিজেন প্রয়োজন হলেও সময়ক্ষেপণ করেন ওয়ার্ডবয় রেজওয়ান। তার নানা অজুহাত ও অমানবিক আচরণে মৃত্যু হয় জাহানারার। মৃতের ছেলেরা অভিযোগ করেন, বারবার অনুরোধ করলেও রেজওয়ান অক্সিজেন দেননি। বরং উপহাস ও হয়রানি করেন। একপর্যায়ে উত্তেজিত স্বজনরা করোনারি কেয়ার ইউনিট ঘেরাও করে বিক্ষোভ করেন। ঘটনার সময় দায়িত্বরত চিকিৎসক ডা. সজল অধিকারী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অভিযুক্ত রেজওয়ান তখন সটকে পড়ে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াত বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

