নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের মেডিকেল কলেজ সংলগ্ন আবাসিক এলাকায় ভূমি মালিকদের পূর্ব অবহিত না করে ৩ লাখ ২০ হাজার ভোল্টেজের হাইভোল্টেজ বৈদ্যুতিক সঞ্চালন লাইনের পিলার স্থাপন করায় বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। রবিবার (২৯ জুন) দুপুরে বেলেঘাটা ভূমি রক্ষা সংগ্রাম কমিটির ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক তরিকুল ইসলামের নেতৃত্বে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে শতাধিক জমির মালিক অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে যশোর পাওয়ার হাউস পর্যন্ত সঞ্চালন লাইন নির্মাণ করছে পাওয়ার গ্রিড অব বাংলাদেশ কোম্পানি। এই লাইনের একটি অংশ যশোর মেডিকেল কলেজপাড়ার আবাসিক এলাকার ভেতর দিয়ে নির্মাণ করা হচ্ছে। কিন্তু যার জমির ওপর দিয়ে লাইনটি যাবে, তাদের কোনো পূর্ব নোটিশ বা সম্মতি ছাড়াই কাজ শুরু করেছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। বক্তারা জানান, মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পর ওই এলাকার জমির দাম ব্যাপক হারে বেড়েছে। বর্তমানে প্রতি শতক জমির বাজারমূল্য ৮ থেকে ২০ লাখ টাকা। অনেকেই জীবনের সঞ্চয় দিয়ে সেখানে জমি কিনেছেন বাড়ি করার উদ্দেশ্যে। কিন্তু এই হাইভোল্টেজ লাইন স্থাপন হলে লাইনের দু’পাশে আর ঘরবাড়ি নির্মাণ করা যাবে না, ফলে জমির মূল্যও একপ্রকার হারিয়ে যাবে। এ অবস্থায় তারা ক্ষতিগ্রস্তদের জমি বাজারমূল্যে অধিগ্রহণের দাবি জানান এবং তা পূরণ না হলে নির্মাণকাজ প্রতিরোধ করার হুঁশিয়ারিও দেন। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সংগ্রাম কমিটির সদস্যসচিব রফিকুল ইসলাম, সদস্য জিল্লুর রহমান ভিটু, সাবেক কাউন্সিলর অ্যাড.ট জুলফিকার আলী জুলু, জমির মালিক শুকুর আলী, বজলুর রহমান, তোতা মিয়াসহ অনেকে। স্থানীয়রা আশা করছেন, প্রশাসন দ্রুত বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

