রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্রে ভুল প্রশ্ন সেটে পরীক্ষা নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়িত্বরত কেন্দ্র সচিব ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজল কুমার বিশ্বাস ও ট্যাগ অফিসার উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে যশোর শিক্ষা বোড। বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোঃ আব্দুল মতিন।
জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের নির্দেশনা অনুযায়ী রবিবার অনুষ্ঠিত বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় ৪ নম্বর সেটে পরীক্ষা নেওয়ার কথা উল্লেখ থাকলেও লক্ষীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ২ নম্বর সেটের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষা শেষে বিষয়টি শিক্ষার্থী ও অবিভাবকদের মধ্যে জানাজানি হলে তারা উত্তরপত্র মূল্যায়ন নিয়ে চিন্তিত হয়ে পড়েন। এ ব্যাপারে কেন্দ্র সচিব কাজল কুমার জানান, মোবাইলে প্রশ্ন সেটের প্রথম দিনের ম্যাসেজ দেখার কারনে ভুল হয়েছে। এ ব্যাপারে যশোর শিক্ষা বোডের্র পরীক্ষা নিয়ন্ত্রক ড. আব্দুল মতিন জানান, শিক্ষা বোর্ডের নিয়মানুযায়ী প্রশ্নফাঁস রোধে নির্ধারিত সেট অনুযায়ী পরীক্ষা পরিচালনা বাধ্যতামূলক। কিন্তু লোহাগড়া উপজেলার লক্ষীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব ও কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজল কুমার বিশ্বাস ও উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি(ট্যাগ অফিসার) উপ সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ উঠেছে। এ কারনে তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুন কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার নিয়োগ দেওয়ার জন্য নড়াইলের জেলা প্রশাসক ও লোহাগড়া উপলো নির্বাহী কর্মকর্তাকে অবগতি করা হয়েছে। তবে এ ঘটনায় শিক্ষার্থী ও অবিভাবকদের দুঃশ্চিন্তার কোন কারন নেই। ওই কেন্দ্রের উত্তরপত্র আলাদাভাবে জমা নিয়ে দ্বিতীয় সেটের প্রশ্ন দিয়ে মুল্যায়ন করা হবে। এতে শিক্ষার্থীদের কোন ক্ষতি হবে না।

